সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন রোববার (৩১ মে) ঢাকায় বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি
অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশগ্রহণ করে। মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তিনি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের ঈদের অভিজ্ঞতার কথা শোনেন এবং ব্যক্তিগতভাবে সকল শিশুদের নিজ হাতে আপ্যায়ন করান। পাশাপাশি শিশুদের জন্য মৌসুমি ফলসহ বিশেষ খাবারের আয়োজন করেন তিনি।
শিশুদের উচ্ছ্বাস
অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার আন্তরিক স্নেহ-আপ্যায়নে আনন্দ প্রকাশ করে।
মন্ত্রীর বক্তব্য
এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট শিশু পরিবার ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



