বাইরে মুচমুচে ভেতরে নরম নাইজেরিয়ান ফিস রোল রেসিপি
বাইরে মুচমুচে ভেতরে নরম নাইজেরিয়ান ফিস রোল রেসিপি

বাইরে মুচমুচে, ভেতরে নরম ও মশলাদার মাছের পুর, এমন স্বাদের জন্য নাইজেরিয়ান ফিস রোল বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় একটি স্ন্যাকস। বৃষ্টির দিনে অলস বিকালে নাশতা হিসাবে বা অতিথি আপ্যায়ন কিংবা শিশুদের টিফিন সব ক্ষেত্রেই এটি হতে পারে দারুণ একটি পদ। সহজ কিছু উপকরণেই ঘরে তৈরি করা যায় সুস্বাদু এই ফিস রোল।

উপকরণ

ডো তৈরির জন্য

  • ময়দা ২ কাপ
  • বেকিং পাউডার ১ চা-চামচ
  • চিনি ১ চা-চামচ
  • লবণ আধা চা-চামচ
  • মাখন ৩ টেবিল-চামচ
  • ডিম ১টি
  • তরল দুধ বা পানি প্রয়োজনমতো

পুর তৈরির জন্য

  • সেদ্ধ করে কাঁটা বেছে নেওয়া মাছ ২৫০ গ্রাম (টুনা, রুই বা যেকোনো কাঁটাবিহীন মাছ)
  • পেঁয়াজ কুচি ১টি
  • কাঁচামরিচ কুচি ২টি
  • গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
  • শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ (ঐচ্ছিক)
  • থাইম বা মিশ্র শুকনা হার্বস আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল ১ টেবিল-চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে নিন। এরপর মাছ, কাঁচামরিচ, লবণ, গোলমরিচ, থাইম ও অন্যান্য মসলা দিয়ে ৩ থেকে ৪ মিনিট নেড়ে পুর তৈরি করুন। পুর ঠান্ডা হতে দিন।

অন্য একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, চিনি ও লবণ মিশিয়ে নিন। এরপর মাখন হাত দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে ঝুরঝুরে করে নিন। ডিম দিয়ে মাখুন। প্রয়োজনমতো দুধ বা পানি দিয়ে নরম ডো তৈরি করুন। ডোটি ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর ডো বেলে লম্বা আকারে কেটে নিন। মাঝখানে মাছের পুর দিয়ে রোল করে দুই পাশ ভালোভাবে আটকে দিন, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে।

কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ফিস রোলগুলো সোনালি-বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।

গরম গরম টমেটো সস, চিলি সস বা রসুনের ডিপের সঙ্গে পরিবেশন করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ