বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পুলিশের বক্তব্য
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত অফিসার এসআই ফারহানা সুলতানা জানান, “সকাল থেকে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা। এর ফলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন।”
যানজটে ভোগান্তি
এদিকে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের শান্ত থাকার এবং রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে বকেয়া বেতনের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।



