গাইবান্ধা বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি: কলেজ চত্বরে ২০০টি চারা রোপণ
গাইবান্ধা বন্ধুসভার বৃক্ষরোপণ: ২০০ চারা রোপণ

গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ এ কর্মসূচির উদ্বোধনকালে বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যার দায়িত্বও নিতে হবে। গাইবান্ধা বন্ধুসভার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’

২০০টি ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে প্রায় ২০০টি ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান, মো. ইসমাইল হোসেন, এ বি এম জিল্লুর রহমান, কাইয়ুম আজাদ, হিসাবরক্ষক আবদুল হাই, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান, সহসভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নিফাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাদ্দেক সরকার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাতুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সায়মা রাইয়ান, ম্যাগাজিন সম্পাদক আয়শা সিদ্দিকা, সদস্য রাফিউজ্জামান ও আল ইমরান এবং প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তরুণদের সম্পৃক্ততার আহ্বান

গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। আমরা চাই তরুণেরা পরিবেশ রক্ষায় আরও বেশি সম্পৃক্ত হোক। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ার পথে এক ধাপ এগিয়ে যাওয়া। প্রথম আলো বন্ধুসভা ভবিষ্যতেও পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।’