চাঁদপুরে প্রায় তিন কেজি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি
চাঁদপুরে তিন কেজি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি

চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ২২ হাজার ৭৯৮ টাকায়। মৌসুমের শুরুতেই এত দামে একটি ইলিশ বিক্রি হওয়ায় বাজারে আলোচনা তৈরি হয়েছে।

বড় ইলিশের সরবরাহ সীমিত

ব্যবসায়ীরা বলছেন, বড় আকারের ইলিশের সরবরাহ সীমিত এবং ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় দামও ঊর্ধ্বমুখী রয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে আনা হয়। পরে রাজধানীর ঢাকার অনিক নামে এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

প্রতি কেজির দাম সাত হাজার ৬২৫ টাকা

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের সম্রাট ব্যাপারী বলেন, ‘মাছটির ওজন ছিল দুই কেজি ৯৯০ গ্রাম। প্রতি মণের দাম উঠেছে তিন লাখ পাঁচ হাজার টাকা। সেই হিসাবে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে সাত হাজার ৬২৫ টাকা। বড় সাইজের ইলিশের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া যাচ্ছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নোয়াখালীর মেঘনা নদীতে ধরা পড়ে

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে মাছটি ধরা পড়ে। পরে বেশি দামের আশায় সেটি চাঁদপুরের বড়স্টেশন পাইকারি মাছ বাজারে আনা হয়। প্রত্যাশা অনুযায়ী বাজারে আসার পরই উচ্চমূল্যে বিক্রি হয়।

মৌসুম পুরোদমে শুরু হলে দাম কমতে পারে

ব্যবসায়ীরা বলছেন, ইলিশের মূল মৌসুম এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ইতিমধ্যে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে। বড় আকারের ইলিশ তুলনামূলক কম পাওয়ায় বাজারে এর মূল্য বেশি।

শান্তি আড়তের সম্রাট ব্যাপারী বলেন, ‘মৌসুম পুরোদমে শুরু হলে বাজারে ইলিশের সরবরাহ আরও বাড়বে। তখন দামে কিছুটা পরিবর্তন আসতে পারে। কিন্তু এখন বড় ইলিশ খুব কম আসছে, তাই দাম বেশি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সীমিত সরবরাহ ও উচ্চ চাহিদা

মাছ ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে ইলিশের সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজার পরিস্থিতিও বদলাবে। তবে বর্তমানে সীমিত সরবরাহ এবং ক্রেতাদের উচ্চ চাহিদার কারণে বড় আকারের ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। তবে এখনও মৌসুম শুরু হয়নি। মৌসুম শুরু হলে দাম কিছুটা কমবে।