গরুর মাংসের তেহারি একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার যা বিশেষ করে ইফতার বা পারিবারিক আয়োজনে পরিবেশন করা হয়। এই রেসিপিতে গরুর মাংস দই দিয়ে ম্যারিনেট করে পোলাওয়ের চাল ও মশলা দিয়ে রান্না করা হয়। নিচে বিস্তারিত উপকরণ ও প্রণালী দেওয়া হলো।
উপকরণ
- গরুর মাংস: ১ কেজি
- টক দই: ৩ টেবিল চামচ
- চটপটির মটর: আধা কাপ
- তেল: আধা কাপ
- পেঁয়াজকুচি: ১ কাপ
- আদাবাটা: ২ টেবিল চামচ
- রসুনবাটা: দেড় টেবিল চামচ
- দারুচিনি: ৫-৬ টুকরা
- তেজপাতা: ৪-৫টি
- বড় এলাচ: ২টি
- কাঁচা মরিচ: ৮-১০টি
- গরম পানি: ৭ কাপ
- পোলাওয়ের চাল: ৭৫০ গ্রাম
- আলু: ১ কাপ (ছোট টুকরা)
- গাজর: আধা কাপ (ছোট টুকরা)
- এলাচগুঁড়া: ১ চা-চামচ
- লবণ: পরিমাণমতো
প্রণালী
প্রথমে গরুর মাংস টক দই দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিন। মটর কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি হালকা ভেজে আদাবাটা, রসুনবাটা, দারুচিনি, তেজপাতা ও বড় এলাচ দিন। এরপর ম্যারিনেট করা মাংস, লবণ ও ভিজিয়ে রাখা মটর দিয়ে ভালোভাবে কষিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন।
সামান্য পানি ও কাঁচা মরিচ দিয়ে আবার ২০ মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে মসলা থেকে মাংস তুলে রাখুন। একই মসলায় গরম পানি, পোলাওয়ের চাল, আলু, গাজর, প্রয়োজনমতো লবণ ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন। এরপর মাংস মিশিয়ে নেড়ে নিন। চুলার আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট দমে রাখুন।
চাল ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এলাচগুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন। গরম গরম পরিবেশন করলে স্বাদ আরও বাড়ে।



