ভালো তরমুজ চেনার ৭টি কার্যকরী পরামর্শ: ঠকবেন না আর
গ্রীষ্মকালে তরমুজ একটি জনপ্রিয় ও স্বাস্থ্যকর ফল, কিন্তু ভালো তরমুজ কেনা বেশ কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। দেখেশুনে কেনার পরেও অনেকেই ঠকেন, কারণ পাকা, মিষ্টি ও রসালো তরমুজ চেনা সহজ নয়। তাই তরমুজ কেনার আগে এই সাতটি পরামর্শ জেনে রাখুন, যা আপনাকে সঠিক পছন্দ করতে সাহায্য করবে।
১. ফিল্ড স্পট বা গ্রাউন্ড স্পট পরীক্ষা করুন
লাল মিষ্টি তরমুজ চেনার সবচেয়ে ভালো উপায় হলো ‘ফিল্ড স্পট’ বা ‘গ্রাউন্ড স্পট’ দেখে নেওয়া। তরমুজের যে অংশ দীর্ঘদিন মাটির ওপর থাকে, সেই অংশ হলুদ হয়ে যায় এবং একেই ফিল্ড স্পট বলে। তরমুজ কেনার আগে এই হলদেটে দাগ আছে কি না, তা ভালো করে দেখুন। বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিকমতো পেকে যাওয়ার পর জমি থেকে ওঠানো হয়েছে, যা এর গুণমানের ইঙ্গিত দেয়।
২. ওজন পরীক্ষা করে নিন
তরমুজটি হাতে নিয়ে দেখুন, তা ভারী কি না। যে তরমুজ পুরোপুরি পেকে যায়, তাতে প্রচুর রস থাকে এবং এ কারণে তরমুজ বেশ ভারী হয়। আর যদি তরমুজটি হালকা মনে হয়, তাহলে ধরে নেওয়া যায় সেটা ঠিকঠাক পাকেনি। সে ক্ষেত্রে তরমুজ লাল ও মিষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে, তাই ভারী তরমুজ বেছে নিন।
৩. শব্দ শুনে পাকা তরমুজ চিনুন
পাকা ও রসালো তরমুজে টোকা দিলে একটা গভীর ও ফাঁপা শব্দ পাবেন এবং শব্দটার হালকা প্রতিধ্বনিও হবে। পাকা তরমুজে টোকা দিলে ভেতরে পানির কারণে মূলত ফাঁপা শব্দ হয় এবং প্রতিধ্বনি শোনা যায়। কাঁচা তরমুজে আঘাত করলে তুলনামূলক উচ্চ স্বরের শব্দ হবে, যেমন নিরেট কিছুতে আঘাত করলে হয়। আবার অতিরিক্ত পাকা তরমুজে আঘাত করলে ভারী ও থেঁতলানো ধরনের শব্দ হবে। এই শব্দের ফারাক বোঝার জন্য প্রয়োজন অভ্যাস, কিন্তু একবার রপ্ত করে ফেললে সহজেই বুঝতে পারবেন কোন তরমুজ পাকা ও রসালো।
৪. বোঁটা শুকনা কি না দেখুন
তরমুজের বোঁটা শুকনা নাকি সতেজ, তা দেখে বোঝা যায় তরমুজটি ঠিকমতো পেকেছে কি না। বোঁটা শুকনা ও বাদামি রঙের হলে বুঝবেন তরমুজ গাছে ঠিকভাবে পেকে তারপর তোলা হয়েছে। সবুজ থাকলে অসময়ে তোলা হতে পারে, যা গুণমান কমিয়ে দিতে পারে।
৫. আকৃতি সুষম কি না যাচাই করুন
গোলাকার বা ডিম্বাকার—যে আকারেরই হোক না কেন, তরমুজটির আকৃতি সুষম কি না দেখুন। সুষম বা সব পাশে সমান তরমুজ তুলনামূলক ভালো। তরমুজের দুই প্রান্ত অসমান হওয়া মানে পরাগায়ন সঠিকভাবে হয়নি, আর এতে দুই প্রান্তের শাঁসের গুণমানও কমে যায়। তরমুজের আকার আঁকাবাঁকা হলে মিষ্টি না হওয়ার আশঙ্কা বেশি, তবে এটা বড় তরমুজের ক্ষেত্রে প্রযোজ্য।
৬. ত্বকের অবস্থা পর্যবেক্ষণ করুন
তরমুজের ত্বক ম্যাট বা কিছুটা অনুজ্জ্বল দেখালে পরিপক্ব বলে ধরে নেওয়া যায়। ত্বক চকচকে দেখালে ধরে নেবেন, তরমুজটি পরিপক্ব নয়। তবে এটা যাচাই করা কিছুটা কঠিন, কারণ খেত থেকে বাজার পর্যন্ত আসতে আসতে তরমুজের ত্বকের ওপর দিয়ে অনেক ‘ঝড়ঝাপটা’ই যায়। কোনো বিক্রেতা তরমুজ ধুয়ে ফেলেন বা চকচকে করে তোলার চেষ্টা করেন, তাই খেত বা খেতের আশপাশের বাজার থেকে কেনার সময় তরমুজের ত্বক খেয়াল করতে ভুলবেন না।
৭. আঙুল দিয়ে মাপ নিন
এই পদ্ধতি অনুসরণ করতে আপনার তর্জনী ও মধ্যমা আঙুল দুটি একসঙ্গে ধরে তরমুজের গাঢ় সবুজ অংশের প্রস্থ মাপুন। আঙুল দুটি যদি সহজেই দুটি সাদা ডোরা দাগের মাঝের গাঢ় সবুজ অংশের মধ্যে এটে যায়, তাহলে বুঝবেন তরমুজ পুরোপুরি পাকা—মিষ্টি, রসালো এবং এতে একটুও পানসে ভাব থাকবে না। এই সহজ কৌশলটি প্রয়োগ করে নিশ্চিত হোন তরমুজের গুণমান সম্পর্কে।
এই সাতটি পরামর্শ মেনে চললে আপনি সহজেই ভালো তরমুজ চিনতে পারবেন এবং ঠকবেন না। গ্রীষ্মকালে তাজা ও স্বাস্থ্যকর তরমুজ উপভোগ করতে এই টিপসগুলো কাজে লাগান।



