ব্লেন্ডার ছাড়াই বাড়িতে সহজে তৈরি করুন তাজা ও স্বাস্থ্যকর জুস
ব্লেন্ডার ছাড়াই বাড়িতে জুস তৈরির সহজ কৌশল

ব্লেন্ডার ছাড়াই বাড়িতে সহজে তৈরি করুন তাজা ও স্বাস্থ্যকর জুস

আমরা প্রায়ই স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি। দোকানে কেনা জুস হোক বা বাড়িতে তৈরি— মন চাইলেই জুস খাওয়া যায়। বাড়িতে ব্লেন্ডার বা জুসার থাকলে তো কথাই নেই, কিন্তু যদি এই যন্ত্রপাতি না থাকে, তাহলে কি জুস খাওয়া বন্ধ রাখতে হবে? মোটেই না! ব্লেন্ডার ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে তাজা ও স্বাস্থ্যকর জুস তৈরি করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে ব্লেন্ডার ছাড়াই জুস বানিয়ে খাবেন।

কাপড় দিয়ে ছেঁকে জুস তৈরি

প্রথমে পুদিনা, ধনেপাতা বা আমলকীর মতো উপাদান দিয়ে জুস তৈরি করুন। এগুলো ছোট ছোট করে কেটে নিন। এরপর শিলনোড়া বা হামানদিস্তায় হালকা করে বেটে নিন। এবার মিহি পেস্ট করে একটি কাপড়ে রেখে ভালোভাবে নিংড়ে নিন। এতে আপনি সম্পূর্ণ পরিষ্কার ও খাঁটি জুস পাবেন।

শেকিং পদ্ধতিতে ডিটক্স ড্রিঙ্ক

শেকিং পদ্ধতিতে ডিটক্স ড্রিঙ্ক তৈরি করা খুবই সহজ। একটি বোতল বা জারে লেবুর রস, পানি ও মধু মিশিয়ে ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিন। এরপর বোতলটি শক্তভাবে ঝাঁকিয়ে নিন। মাত্র ১ মিনিটের মধ্যেই আপনার শেকিং পদ্ধতির জুস বা ডিটক্স ড্রিঙ্ক প্রস্তুত হয়ে যাবে।

গ্রেটার ও ছাঁকনি ব্যবহার

গ্রেটার ও ছাঁকনির সাহায্যে ঘরোয়া জুস তৈরি করা খুবই সহজ। গাজর, বিট বা আপেলের মতো ফল ভালো করে ধুয়ে গ্রেট করুন। এরপর এই গ্রেট করা অংশটি একটি সুতির কাপড় বা ছাঁকনিতে রেখে হাতে চেপে পুরো রস বের করুন। এবার চাইলে স্বাদ বাড়াতে লেবুর রস ও সামান্য বিট লবণ যোগ করে খেতে পারেন।

ডাল ঘুটনি বা বেলনের সাহায্যে

টমেটো, ডালিম বা তরমুজের মতো ফলের জুস ডাল ঘুটনি বা বেলনের সাহায্যে সহজে বের করা যায়। প্রথমে ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে রাখুন। তারপর ডাল ঘুটনি বা বেলন দিয়ে মসৃণভাবে ম্যাশ করুন। এতে ফলের পাল্প বের হবে। শেষে পাল্পটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তাহলে পেয়ে যাবেন তাজা জুস।

ব্লেন্ডার বাটি এবং কাঁটাচামচ ব্যবহার

কমলা বা অনুরূপ ফলের জুস বের করতে ব্লেন্ডার বাটি ও কাঁটাচামচ ব্যবহার করা যেতে পারে। প্রথমে ফলটি মাঝখান থেকে কেটে নিন। এরপর কাঁটা চামচটি ফলের ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে চাপ দিন। এতে রস বের হয়ে যাবে। বের হওয়া রস একটি পাত্রে তুলে নিন এবং বীজ আলাদা করে দিয়ে খাঁটি জুস পান করুন।

এই সহজ কৌশলগুলো অনুসরণ করে আপনি ব্লেন্ডার ছাড়াই বাড়িতে তাজা ও স্বাস্থ্যকর জুস তৈরি করতে পারবেন। স্বাস্থ্যকর জীবনযাপনে এই ঘরোয়া পদ্ধতি খুবই কার্যকরী।