মুচমুচে ঢ্যাঁড়স ভাজার রেসিপি
ঢ্যাঁড়স ভাজি অনেকেরই প্রিয়। তবে মুচমুচে করে ভাজাটা একটু কৌশলের কাজ। এই রেসিপি অনুসরণ করলে সহজেই তৈরি করতে পারবেন খাস্তা ও সুস্বাদু ঢ্যাঁড়স ভাজি।
উপকরণ
- ঢ্যাঁড়স: ২৫০ গ্রাম
- লাল মরিচের গুঁড়া: ১ চা-চামচ
- হলুদগুঁড়া: আধা চা-চামচ
- লবণ: স্বাদমতো
- চালের গুঁড়া: ২ টেবিল চামচ
- কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
- তেল: ভাজার জন্য
- কাঁচা মরিচ: ২টি (চিরে নেওয়া)
- লেবুর রস: ১ চা-চামচ (ঐচ্ছিক)
- গোলমরিচ বা ভাজা জিরার গুঁড়া: আধা চা-চামচ
প্রণালি
- ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পুরো শুকিয়ে নিন। পাতলা করে লম্বা লম্বা আকারে কেটে নিন।
- কাটা ঢ্যাঁড়সে লবণ, মরিচ, হলুদ, চালের গুঁড়া ও কর্নফ্লাওয়ার ছিটিয়ে হালকা করে মেশান। খুব বেশি নাড়বেন না, তাহলে লেগে যাবে।
- কড়াইতে তেল গরম করুন। অল্প অল্প করে ঢ্যাঁড়স ছড়িয়ে দিন। মাঝারি আঁচে নাড়াচাড়া কম করে ভাজুন। ধীরে ধীরে সোনালি ও মুচমুচে হবে।
- কাঁচা মরিচ দিন। চাইলে লেবুর রস ছিটিয়ে দিন। ওপর থেকে সামান্য ভাজা জিরার গুঁড়া ছড়ালে স্বাদে আসবে ভিন্নতা।
টিপস
- ঢ্যাঁড়সে পানি থাকলে কখনোই মচমচে হবে না।
- বেশি নাড়লে পিচ্ছিল হয়ে যাবে—কম নাড়ুন।
- চাইলে ডিপ ফ্রাই করলে আরও বেশি মচমচে হবে।


