ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। এসময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজিচালিত অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।
উদ্ধার কার্যক্রম
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



