প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তবে কিছু খাবার রয়েছে যা শরীরকে ভেতর থেকে শীতল রাখতে সহায়তা করে। পাশাপাশি কিছু অভ্যাস যেমন ক্যাফেইন কম খাওয়া, ঠান্ডা পানি ব্যবহার, ফ্যান চালানো ও দিনের সবচেয়ে গরম সময়ে জানালা বন্ধ রাখাও উপকারী।
গরমে শরীর ঠান্ডা রাখতে ৬ খাবার
১. তরমুজ
তরমুজে প্রচুর পানি ও কম ক্যালোরি থাকে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও বি-ভিটামিন থাকায় এটি ক্লান্তি কমায় ও শক্তি বাড়ায়।
২. শসা
শসা পানি সমৃদ্ধ একটি খাবার, যা শরীরকে হাইড্রেটেড ও সতেজ রাখে। এতে ভিটামিন সি, কে ও বি৬-এর মতো পুষ্টি উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
৩. লাল পেঁয়াজ
সালাদে লাল পেঁয়াজ যোগ করলে স্বাদ বাড়ে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও কোয়ারসেটিন সানস্ট্রোক থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে বলে ধারণা করা হয়।
৪. ডাবের পানি
ডাবের পানি শরীরকে দ্রুত পুনরুজ্জীবিত করে ও গরমে শক্তি ফিরিয়ে আনে। এতে থাকা ইলেক্ট্রোলাইট শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এবং সাধারণ পানির তুলনায় বেশি সতেজ রাখে।
৫. সাইট্রাস ফল
কমলা, লেবু ও জাম্বুরার মতো ফল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এগুলো হজমে সহায়তা করে ও শরীরকে হালকা ও সতেজ রাখে, যা গরমে উপকারী।
৬. পুদিনা
পুদিনায় থাকা মেন্থল ঠান্ডা অনুভূতি তৈরি করে, যা শরীর ও মুখে শীতলতা দেয়। এটি পানিতে ভিজিয়ে বা সালাদে ব্যবহার করে খাওয়া যায়।



