ইলিশ মাছের স্বাদ আর পিজ্জার জনপ্রিয়তা—দুটোই মিলিয়ে তৈরি করা যায় এক অনন্য পদ। যাঁরা মাছ ভালোবাসেন, তাঁদের জন্য ইলিশ পিজ্জা হতে পারে নতুন একটি অভিজ্ঞতা। ঘরেই সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পিজ্জা।
রুটির উপকরণ
- ময়দা ২ কাপ
- ইনস্ট্যান্ট ইস্ট ১ চা–চামচ
- চিনি ১ চা–চামচ
- লবণ সামান্য
- তেল ২ টেবিল চামচ
- কুসুম গরম পানি প্রয়োজনমতো
রুটির প্রণালি
ময়দার সঙ্গে চিনি, লবণ ও ইস্ট মিশিয়ে নিন। অল্প অল্প গরম পানি দিয়ে নরম ডো তৈরি করুন। শেষে তেল মেখে ডো-টি গরম কোনো জায়গায় ১-২ ঘণ্টা ঢেকে রাখুন। এতে ডো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ফুলে ওঠা ডো-টি হাত দিয়ে চেপে বাতাস বের করে গোল রুটির মতো বেলে নিন।
পুরের উপকরণ
- ইলিশ মাছ ভেজে কাঁটা বাছা ১ কাপ
- আদা-রসুনবাটা ১ চা–চামচ
- সয়া সস ১ চা–চামচ
- গোলমরিচ ও লবণ সামান্য
পুরের প্রণালি
উপকরণগুলো একসঙ্গে চুলায় হালকা ভেজে নামিয়ে নিন।
টপিং ও সাজানোর উপকরণ
- পিৎজা সস ১ টেবিল চামচ
- টমেটো সস ১ টেবিল চামচ
- মোজারেলা চিজ ১ কাপ
- ক্যাপসিকাম কিউব আধা কাপ
- পেঁয়াজ কিউব আধা কাপ
- অরিগানো সামান্য
মূল প্রণালি
একটি প্যান বা বেকিং ট্রেতে সামান্য তেল মেখে রুটিটি বসান। রুটির ওপর কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিন। রুটির ওপর প্রথমে পিজ্জা সস বা টমেটো সস মাখিয়ে নিন। এরপর মোজারেলা চিজ, ইলিশ কিমা, ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব এবং সামান্য অরিগানো ছড়িয়ে দিন। শেষে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে ১০-১৫ মিনিট বেক করুন।
বেক করার পর গরম গরম পরিবেশন করুন। এটি অনন্য স্বাদে ভোজনরসিকদের মুগ্ধ করবে।



