ভাজা মসলার কড়া ঘ্রাণ আর নরম মাটনের দারুণ সমন্বয়ে তৈরি ভিন্ন এক মজাদার পদ হলো ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’। এই পদটি একবার খেলে আগের খাওয়া মাটনের স্বাদও ভুলে যেতে পারেন। গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে এটি অসাধারণ লাগে।
উপকরণ
- হাড়ছাড়া মাটন (মাঝারি আকারে কাটা) - ৭৫০ গ্রাম
- হলুদ গুঁড়া - আধা চা-চামচ
- লবণ - স্বাদমতো
- তেল - ১ কাপ
- রসুন কুচি - ৩ চা-চামচ
- আদা কুচি - ২ চা-চামচ
- কাঁচামরিচ (বড়, কম ঝাল) - ৭-৮টি
- ভাজা ধনিয়া গুঁড়া - ২ চা-চামচ
- ভাজা জিরার গুঁড়া - ২ চা-চামচ
- শুকনা মরিচের গুঁড়া - ১ চা-চামচ
- গোলমরিচের গুঁড়া - ১ চা-চামচ
- রেডিমিক্স টিক্কা মসলা (ঐচ্ছিক) - ১ চা-চামচ
- গরম মসলা গুঁড়া - ১ চা-চামচ
- ধনিয়া পাতা কুচি - ১ মুঠো
প্রস্তুত প্রণালী
মাংস সেদ্ধ করা
প্রথমে একটি পাত্রে মাটনের টুকরা, হলুদ গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে অল্প আঁচে ৩০-৩৫ মিনিট সেদ্ধ করুন। মাংস প্রায় ৯০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে উচ্চ আঁচে অবশিষ্ট পানি শুকিয়ে নিন।
মাংস ভাজা
পানি শুকিয়ে গেলে এক কাপ তেল দিয়ে উচ্চ আঁচে মাংস ভাজুন। মাংস সোনালি হতে শুরু করলে আঁচ কমিয়ে রসুন কুচি ও আদা কুচি দিন। এরপর কাঁচামরিচ সামান্য চিরে দিয়ে ভালোভাবে নেড়ে ভাজতে থাকুন।
মসলা যোগ করা
মরিচ একটু নরম হলে ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, টিক্কা মসলা (ঐচ্ছিক) এবং গরম মসলা যোগ করুন। হালকা হাতে নেড়ে মসলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিন।
পরিবেশন
সবশেষে এক মুঠো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে আরও অল্প সময় ভেজে নামিয়ে নিন। পরিবেশনের সময় ওপর থেকে আরও কিছু ধনিয়া পাতা ছড়িয়ে গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন সুস্বাদু মাটন টিক্কা মাসালা ফ্রাই।



