গ্রীষ্ম এলেই দেশের বাজার ভরে ওঠে রসালো সব দেশীয় ফলে। আর ফলের রাজা আমের জন্য অপেক্ষা থাকে সবারই। স্বাদ, ঘ্রাণ আর জাতভেদে বৈচিত্র্যের কারণে আম নিয়ে মানুষের আগ্রহও সবচেয়ে বেশি। তবে বাজারে এত ধরনের আমের ভিড়ে অনেকেই বুঝে উঠতে পারেন না কোনটি কোন জাতের, কিংবা কোন আম কখন সবচেয়ে ভালো পাওয়া যায়।
আম চেনার সাধারণ বৈশিষ্ট্য
বিশেষজ্ঞরা বলছেন, স্বাদের দিক থেকে কোন আম সেরা—এটা পুরোপুরি ব্যক্তিভেদে ভিন্ন। তবে কিছু বৈশিষ্ট্য দেখলে সহজেই চেনা যায় জনপ্রিয় জাতগুলো। চলুন, জেনে নেওয়া যাক দেশের জনপ্রিয় কয়েকটি আমের বৈশিষ্ট্য ও বাজারে আসার সময় সম্পর্কে।
গোপালভোগ
মৌসুমের শুরুতেই বাজারে আসে গোপালভোগ। মাঝারি আকারের এই আম নিচের দিকে কিছুটা সরু হয়। পরিপক্ব আমের গায়ে হালকা হলুদ ছোপ দেখা যায়। আঁশবিহীন ও মিষ্টি স্বাদের এই আম সাধারণত মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে পাকতে শুরু করে।
হিমসাগর বা ক্ষীরশাপাতি
সুগন্ধ ও স্বাদের কারণে হিমসাগরকে অনেকেই সেরা আমের তালিকায় রাখেন। এর গড়ন গোলাকার ও খানিকটা লম্বাটে। পাকার পরও অনেক সময় খোসা সবুজাভ থাকে। শাঁস কমলা রঙের, আঁশ কম এবং বেশ মিষ্টি। মে মাসের শেষ থেকে জুনজুড়ে বাজারে পাওয়া যায় এই আম।
ল্যাংড়া
গোলাকার ও মসৃণ গড়নের ল্যাংড়া আমের খোসা হালকা সবুজ। পাকলেও পুরোপুরি হলুদ হয় না। এর বিশেষ ঘ্রাণের কারণে এই আমের জনপ্রিয়তা অনেক। সাধারণত জুনের প্রথম সপ্তাহ থেকে বাজারে উঠতে শুরু করে।
লক্ষণভোগ
লক্ষণভোগ বা লখনা আম দেখতে বেশ আকর্ষণীয়। পাকলে উজ্জ্বল হলুদ রং ধারণ করে এবং বোঁটার পাশে লালচে আভা দেখা যায়। স্বাদে মিষ্টি হলেও হালকা টকভাব থাকে।
হাঁড়িভাঙা
রংপুরের জনপ্রিয় হাঁড়িভাঙা আম আকারে কিছুটা মোটা ও চওড়া হয়। শাঁস মাংসল এবং আঁশ কম। অনেক সময় খোসা কুঁচকে গেলেও ভেতরের অংশ ভালো থাকে। সাধারণত জুনের মাঝামাঝি সময়ে এই আম পাকে।
আম্রপালি
ছোট থেকে মাঝারি আকারের আম্রপালির খোসা মসৃণ ও তেলতেলে। শাঁস গাঢ় কমলা রঙের এবং বেশ মিষ্টি। এই আম তুলনামূলক দীর্ঘসময় সংরক্ষণ করা যায়। জুনের শেষভাগ থেকে ভালো পাকা আম্রপালি বাজারে পাওয়া যায়।
ফজলি ও আশ্বিনা
আকারে বড় এই দুই জাতের আম দেখতে প্রায় একই রকম। ফজলি কিছুটা লম্বাটে এবং টক-মিষ্টি স্বাদের। আশ্বিনা বেশি সবুজাভ ও পেট মোটা ধরনের হয়। মৌসুমের শেষ দিকে এই দুই জাতের আম বেশি পাওয়া যায়।
কাটিমন
বারোমাসি জাত হিসেবে পরিচিত কাটিমন এখন বেশ জনপ্রিয়। লম্বাটে গড়নের এই আম পাকার পর হলুদ রং ধারণ করে এবং সুঘ্রাণ ছড়ায়। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বাজারে মিলতে পারে এই জাতের আম।
পরিপক্ব আম চেনার টিপস
বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিকমুক্ত ও পরিপক্ব আম কিনতে হলে শুধু রং নয়, ঘ্রাণ, গড়ন ও মৌসুমের সময়টাও খেয়াল রাখা জরুরি।



