সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, বন অফিসে হামলা
সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, বন অফিসে হামলা

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় কাকড়া আহরণের সময় বন বিভাগের কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো পাটকোস্টা এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তার সহকর্মীরা।

গুলিতে আমিনুর রহমান গাজী নিহতের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা সাতক্ষীরার বন অফিস ঘেরা করে হামলা ও ভাঙচুর করেন। এতে পাঁচ বনকর্মী আহত হন। নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

ঘটনার বিবরণ

আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজান জানান, তারা চার জন ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। রবিবার রাতে তারা যখন ঘুমিয়ে পড়েন, তখন তাদের নৌকা বাতাসের কারণে নদী পার হয়ে অভয়অরণ্য এলাকায় চলে যায়। সোমবার সকাল ৭টার দিকে সেখান থেকে ফেরার সময় বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করেন। এ সময় নৌকা আটক রেখে তাদের বনের মধ্যে রেখে যেতে চান স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ অবস্থায় জেলেরা নৌকা না দিয়ে চলে আসার সময় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর আমিনুর রহমান গাজীকে কোনও চিকিৎসা বা উদ্ধার না করে সেখানে ফেলে রেখে চলে যায় টিমের সদস্যরা। পরে জেলেরা তাকে উদ্ধার করে ফেরার পথে তার মৃত্যু হয়।

বন বিভাগের বক্তব্য

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘এ বিষয়ে আমাদের বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা এখনও কিছু জানাননি। তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, ‘বন বিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও, জেলা প্রশাসক ও ডিএফওকে জানানো হয়েছে। মরদেহ নিয়ে পরিবারটি এখন কী করবে তা নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’

বন সংরক্ষকের ব্যাখ্যা

সুন্দরবনের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ‘জেলেরা পাস নিয়েই সুন্দরবন গিয়েছিলেন। কিন্তু সংরক্ষিত এলাকায় ঢুকে মাছ ধরার সময় আটক হন। এ সময় জেলেরা বনের মধ্যেই সংগটিত হয়ে বনকর্মীদের ওপর লাঠি ও বৈঠা নিয়ে আক্রমণ চালান। তখন বনকর্মীরা তাদের ভয় দেখাতে ফাঁকা গুলি ছোড়েন। একটি গুলি জেলে আমিনুরের পায়ে বিদ্ধ হয়। গভীর বনে চিকিৎসা সাপোর্ট না থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। এরপর তারা লোকালয়ে ফিরে এসে আরও লোকজন জড়ো করে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা করে। সেখানে পুলিশ ও বিজিবি মোতায়ন ছিল। কিন্তু জনতা নৌকা নিয়ে পেছন থেকে রেঞ্জ অফিসে প্রবেশ করে বনকর্মীদের ওপর চড়াও হয়। এতে পাঁচ জন আহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা বন অফিসে আগুন লাগিয়ে দেন।’