বলিউড তারকাদের বাড়ির ভেতরটা কেমন, তা জানার আগ্রহ অনেকেরই। ক্যামেরার সামনে যে মানুষকে দেখা যায়, ঘরের ভেতরে তিনি একেবারেই অন্য রকম। সেখানেও থাকে নিজের মতো করে বাঁচার গল্প; কখনো একা, কখনোবা পরিবারের সঙ্গে। ভারতের বিভিন্ন শহরে থাকা তারকাদের বাড়িতে থাকে তাঁদের ব্যক্তিগত রুচি ও জীবনধারার প্রতিফলন। কোথাও আধুনিক সাজ, কোথাও আবার ঐতিহ্যের ছোঁয়া। প্রতিটি ঘরই যেন আলাদা একটি গল্প। ভক্তরা কিন্তু এ সবকিছু থেকেই নিজেদের ঘর সাজানোর নতুন নতুন ভাবনা নেয়। চলুন, দেখে নেওয়া যাক বলিউড তারকা অনন্যা পান্ডের অন্দরের সাজ।
অনন্যা পান্ডের বাড়ির সাজ: আধুনিকতার সঙ্গে আরাম
পুরো সাজে আধুনিকতার সঙ্গে আছে কোমল ও আরামদায়ক আবহ। ঘরে ঢুকতেই চোখে পড়ে হালকা গোলাপি রঙের দেয়ালের একটি করিডর, যা ধীরে ধীরে মিলিয়ে যায় খাবার ঘরে। পুরো বাড়িতে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল, খোলামেলা আর স্বস্তিদায়ক পরিবেশ। অনন্যা পান্ডের বান্দ্রার ১ হাজার ১০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টটি সাজিয়েছে গৌরী খানের ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান।
ঘরের নকশা ও রঙের সমন্বয়
বসার ঘর, খাবার ঘর ও বিনোদনের জায়গা একসঙ্গে। ঘরের বিভিন্ন কোণে আছে গাছপালা। পুরো অন্দরেই খুঁজে পাওয়া যাবে ক্রিম, বেজ ও হালকা পাউডার পিংক রঙের সমন্বয়। অনন্যার সাজার ঘরটিও মিনিমাল। বড় বড় জানালার বিপরীতে দেয়ালে লাগানো হয়েছে আয়না। আলো প্রতিফলিত হওয়ায় ঘরটিকে বাস্তবের চেয়ে বড় ও খোলামেলা মনে হয়।
অতিথি ও ব্যক্তিগত পছন্দ
অতিথিরা প্রয়োজনে কার্পেটের ওপর বসে আরাম করে করে খেতে পারবেন, এমনভাবেই সাজিয়েছেন তিনি বাড়িটিকে। অনন্যার পছন্দ এমনটাই—কোমল, আধুনিক ও আরামদায়ক অন্দরসজ্জা। এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, তিনি পছন্দ করেন অনানুষ্ঠানিক পরিবেশ। সাদা বাঁকানো সোফা, ওয়ালপেপার ব্যবহারের কারণে ঘরে চলে এসেছে উষ্ণ ও আমন্ত্রণমূলক পরিবেশ।
বারান্দা ও পরিবেশ
গাছপালায় ভরা বারান্দা, যেখানে মোমবাতির আলো, হালকা বাতাস আর বিকেলের রোদের রঙিন আভায় দীর্ঘ সময় কাটানো যায়।



