‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’ শুরু, দেশীয় ফ্যাশনের শক্তিশালী প্ল্যাটফর্ম
দেশীয় ফ্যাশনের স্বকীয়তা, সৃজনশীলতা ও ঐতিহ্যকে একসঙ্গে উদ্যাপন করতে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন। ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) উদ্যোগে রাজধানীর মাইডাস সেন্টারের ১২ তলায় বসছে প্রদর্শনী ও মেলা। যার নাম- ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’। দেশীয় নকশা, কারুকাজ ও সমসাময়িক ভাবনার মেলবন্ধনে সাজানো এই আয়োজন হয়ে উঠেছে ফ্যাশনপ্রেমীদের জন্য এক অনন্য মিলনমেলা।
দেশীয় ফ্যাশনের সম্মিলন
আয়োজনকে ঘিরে একত্র হয়েছেন দেশের প্রথিতযশা ও উদীয়মান ফ্যাশন উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলো। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সমসাময়িক নকশার মেলবন্ধনে তৈরি পোশাক থেকে শুরু করে নানা অনুষঙ্গ—সবকিছুই মিলছে এখানে। আসন্ন ঈদকে সামনে রেখে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান হাজির হয়েছে তাদের নতুন ও এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। মেলায় অংশ নিয়েছে ৩৯টি প্রতিষ্ঠান ও উদ্যোগ। তাদের ঈদ কালেকশন একসঙ্গে প্রদর্শিত হওয়ায় ক্রেতাদের জন্য এটি হয়ে উঠেছে পূর্ণাঙ্গ ঈদ শপিংয়ের এক বিশেষ সুযোগ। একই ছাদের নিচে পছন্দের পোশাক ও অনুষঙ্গ বেছে নেওয়ার সুযোগ আছে এখানে।
উৎসবের মূল লক্ষ্য
দেশীয় ফ্যাশন উদ্যোগকে উৎসাহিত করা এবং উদ্যোক্তাদের সৃজনশীল কাজ সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। তাই ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’ কেবল একটি প্রদর্শনী বা মেলা নয়, বরং এটি দেশীয় ফ্যাশনের শক্তিশালী এক প্ল্যাটফর্ম। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রাণবন্ত আয়োজন, রঙিন স্টল আর উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে প্রদর্শনীর প্রথম দিন। ছবির গল্পে ধরা রইল সেই উচ্ছ্বাসমাখা আমেজ...
ছবিতে ধরা রইল উৎসবের মুহূর্ত
- আদিবাসী মোটিফে অনুপ্রাণিত গয়না: আলছড়া, হুজি হারু, নকশার হাঁসুলি, বাজু, চন্দ্রহার, কিংবা রেয়ন সিল্কের গয়না দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষভাবে।
- ঐতিহ্যবাহী চুড়ি: মেয়েদের কাছে চুড়ির চাহিদা তো বরাবরই থাকে। মেলায় আদিবাসীদের ‘হুজি হারু’—প্যাঁচানো নকশার ঐতিহ্যবাহী চুড়িগুলো চোখে পড়ার মতো।
- সাদা-কালোর বৈচিত্র্য: মাতৃভাষা দিবসের এই মাসে সাদা-কালোর চাহিদা এমনিতেই তুঙ্গে থাকে। সেই আবহে মেলাজুড়ে দেখা মিলছে সাদা-কালোর নানা বৈচিত্র্যময় নকশার পোশাক।
- আপসাইকেলড গয়না: জামদানি মোটিফ আর পাটের মতো দেশীয় উপাদানে তৈরি গয়নার আকর্ষণীয় পসরা বসেছে মেলায়। কেনার আগে আয়নার সামনে দাঁড়িয়ে মিলিয়ে নিতে পারেন নিজের স্টাইল।
- ট্রেন্ডি গোল্ড প্লেটেড গয়না: ঈদের জমকালো আয়োজনে নিজেকে আলাদা করে তুলে ধরতে এমন ট্রেন্ডি গোল্ড প্লেটেড গয়না হতে পারে দারুণ পছন্দ।
- হ্যান্ড পেইন্টেড শাড়ি: ফুলেল বা ফ্লোরাল মোটিফের শাড়ি, তাও আবার নিখুঁত হ্যান্ড পেইন্টেড—এমন একটি আপনার ওয়ার্ডরোবে থাকা উচিত।
- মণিপুরী ও গামছার কুর্তি: মণিপুরী ও গামছা দিয়ে তৈরি কুর্তি, জুতা ও ব্যাগগুলো একেবারেই ভিন্নধর্মী। ঐতিহ্য আর আধুনিক ডিজাইনের সংমিশ্রণের প্রতিটি পিসই বেশ ইউনিক।
- মুন সিল্কের শাড়ি: শাড়ির প্রতি আমাদের দেশের মেয়েদের একটা আলাদা ভালোবাসা আছে। মুন সিল্কের শাড়ি দেখছেন শাড়িপ্রেমীরা।
- ঘর সাজানোর ফুল: ঘর সাজানোর এই সুন্দর আর বাহারি ফুলের পসরা বসেছে মেলায়।
- উৎসব উপযোগী পাঞ্জাবি: আছে নানা ধরনের উৎসব ও আবহাওয়া উপযোগী পাঞ্জাবি, যা ঈদে ক্ল্যাসিক ডিজাইনের পাঞ্জাবির আলাদা আবেদন যোগ করে।
- কালিন্দীর নতুন ব্যাগ: মেলা ও ঈদ উপলক্ষ্যে কালিন্দীর নতুন সংযোজন এই ব্যাগগুলো স্টাইল ও চার্ম যোগ করছে।
- অর্গানিক খাবার: ভেজাল মুক্ত অর্গানিক খাবার পেতে হলে শস্য প্রবর্তনার স্টলে একবার ঢুঁ মারতেই হবে।
- সুতির ওপর ফয়েল নকশার শাড়ি: এই স্টলে সুতির ওপর ফয়েল নকশার শাড়ির প্রতি দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো।
- মিনিমাল নকশার জুয়েলারি: সরলতা ও পরিমিত ডিজাইনের মধ্যে যে সুন্দর ভারসাম্য, তা অনেকের স্টাইলকে যোগ করে এক নিখুঁত চমক।
- মোম বাটিকের শাড়ি: মোম বাটিকের আরামদায়ক শাড়ি ধরে দেখে কেনার আনন্দই আলাদা।
- উপহারের নকশী কাঁথা: উপহার দেওয়ার জন্য নকশী কাঁথার ডায়েরি, টোট ব্যাগ কিংবা টি শার্ট পাবেন।
- গজ কাপড়: শার্ট, টপ বা কুর্তির জন্য গজ কাপড় মিলছে এখানে।
- একুশের কালেকশন: একদিকে একুশের কালেকশন, সেই সঙ্গে নানা রঙের পোশাক ও সলিড কালারের পোশাক এখন অত্যন্ত ট্রেন্ডি।
- জমকালো শাড়ি: জমকালো মানেই ঝকমকে নয়। এমন সব শাড়িতে চোখ আটকাচ্ছে সবার।
- ব্যতিক্রমী গয়না: ব্যতিক্রমী গয়না নজর কাড়ছে, কালার প্যালেটে আছে বেশ বৈচিত্র্য।
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪
