জীবনরেখা: আবুল বাশারের গল্পগ্রন্থে মানবিক বাস্তবতার চিত্র
জীবনরেখা: আবুল বাশারের গল্পগ্রন্থে মানবিক বাস্তবতা

বাংলা কথাসাহিত্যে গল্প বা ছোটগল্প মানুষের জীবন, সমাজ ও সময়কে সবচেয়ে ঘনিষ্ঠভাবে ধারণ করার এক শক্তিশালী মাধ্যম। অল্প পরিসরে গভীর অনুভূতি, বাস্তবতা ও মানুষের অন্তর্জগতের নানা দিক তুলে ধরার ক্ষেত্রে গল্পের গুরুত্ব অপরিসীম। এ ধারারই একটি উল্লেখযোগ্য সংযোজন তরুণ লেখক মো. আবুল বাশারের প্রথম গল্পগ্রন্থ জীবনরেখা

গ্রন্থের গল্পসমূহ

গ্রন্থটিতে মোট ১৫টি গল্প সন্নিবেশিত হয়েছে। গল্পগুলো হলো ‘নাইওর’, ‘রিনার সংসার’, ‘অপূরণীয় স্বপ্নের কারখানা’, ‘জীবনপুরের আলো’, ‘অসমাপ্ত প্রেম’, ‘পাঁজরের পাখি’, ‘শিফটের বাইরের শট’, ‘অসমাপ্ত স্বপ্নের প্রতিধ্বনি’, ‘নিঃসঙ্গতার ভিড়ে দু’জন’, ‘ধ্বংসস্তূপের আলো’, ‘পাহাড়-মেঘ আর ঝিরিপথের দিনলিপি’, ‘করোনার দিনকাল’, ‘ফসলের মাঠে জীবনের ছন্দ’, ‘ভয়ের নগরী’ ও ‘বাহাদুরের মাঠ’। প্রতিটি গল্পে মানুষের জীবনসংগ্রাম, স্বপ্ন, ভালোবাসা, সামাজিক বাস্তবতা ও মানবিক মূল্যবোধের নানা দিক ফুটে উঠেছে।

প্রথম গল্প ‘নাইওর’

গ্রন্থের প্রথম গল্প ‘নাইওর’ একজন নববিবাহিতা মেয়েকে কেন্দ্র করে রচিত। গ্রামীণ জীবনে, বিশেষ করে হাওর অঞ্চলে নববধূর নাইওর যাওয়ার একটি আবেগঘন সামাজিক প্রথা রয়েছে। সেই অপেক্ষা, আনন্দ, বেদনা ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন গল্পটির মূল উপজীব্য। লেখক এখানে গ্রামীণ জীবনের সরলতা ও আবেগকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘রিনার সংসার’

‘রিনার সংসার’ গল্পে লেখক আবুল বাশার একটি মেয়ের জীবনের পরিবর্তনের গল্প বলেছেন। বিয়ের পর একজন নববধূ ধীরে ধীরে কীভাবে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং একজন পরিপূর্ণ গৃহিণীতে পরিণত হয়, সেই বাস্তব চিত্র গল্পটিতে ফুটে উঠেছে। এতে নারীর ত্যাগ, ধৈর্য ও সংগ্রামের প্রতিফলন লক্ষ করা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘অপূরণীয় স্বপ্নের কারখানা’

‘অপূরণীয় স্বপ্নের কারখানা’ গল্পে কর্মজীবী মানুষের জীবনের নানা দিক উঠে এসেছে। কর্মক্ষেত্রে মানুষের আশা, প্রত্যাশা, স্বপ্ন এবং বাস্তবতার সঙ্গে তাদের প্রতিনিয়ত লড়াইয়ের গল্পগুলোই লেখক এখানে তুলে ধরেছেন। আধুনিক কর্মব্যস্ত জীবনের চাপ ও মানুষের অপূর্ণ স্বপ্নের প্রতিফলন গল্পটিকে বিশেষ তাৎপর্য দিয়েছে।

‘জীবনপুরের আলো’

‘জীবনপুরের আলো’ গল্পে শিক্ষার গুরুত্ব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একজন মায়ের অক্লান্ত প্রচেষ্টা ও ত্যাগের মাধ্যমে একটি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অনুপ্রেরণামূলক কাহিনি এ গল্পের মূল বিষয়। গল্পটি পাঠককে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে।

‘অসমাপ্ত প্রেম’

‘অসমাপ্ত প্রেম’ গল্পে বিশ্ববিদ্যালয়জীবনের প্রেম, স্বপ্ন ও বাস্তবতার সংঘাত ফুটে উঠেছে। এখানে তরুণ-তরুণীদের ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি দেশের জন্য আন্দোলন ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টিও উঠে এসেছে। প্রেম ও আদর্শের দ্বন্দ্ব গল্পটিকে গভীরতা দিয়েছে।

‘পাঁজরের পাখি’

‘পাঁজরের পাখি’ গল্পে মা, মাটি ও মানুষের কষ্টময় জীবনের প্রতিচ্ছবি দেখা যায়। সমাজের অবহেলিত মানুষের সংগ্রাম ও তাদের বেঁচে থাকার লড়াই গল্পটির প্রধান উপজীব্য। লেখক এখানে মানবিক বোধ ও সহমর্মিতার এক হৃদয়স্পর্শী চিত্র এঁকেছেন।

‘শিফটের বাইরের শট’

‘শিফটের বাইরের শট’ গল্পটি ভিন্নধর্মী। ফুটবল খেলার পটভূমিতে এখানে সামাজিক বন্ধন, বন্ধুত্ব, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের দিকগুলো ফুটে উঠেছে। খেলাধুলা যে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে পারে, গল্পটি তার একটি চমৎকার উদাহরণ।

‘অসমাপ্ত স্বপ্নের প্রতিধ্বনি’

‘অসমাপ্ত স্বপ্নের প্রতিধ্বনি’ গল্পে একটি প্রত্যন্ত গ্রামের মা ও মেয়ের সংগ্রামী জীবনের কাহিনির চালচিত্র আমরা দেখতে পাই। দারিদ্র্য, প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও তারা স্বপ্ন দেখে, সংগ্রাম করে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হয় না। গল্পটি পাঠকের মনে একধরনের বেদনা ও সহমর্মিতা জাগিয়ে তোলে।

‘নিঃসঙ্গতার ভিড়ে দু’জন’

‘নিঃসঙ্গতার ভিড়ে দু’জন’ গল্পে নবদম্পতির নতুন সংসারজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, পারস্পরিক বোঝাপড়া, টানাপোড়েন ও শ্রদ্ধাবোধ—সব মিলিয়ে গল্পটি দাম্পত্য জীবনের বাস্তব চিত্র তুলে ধরে।

‘ধ্বংসস্তূপের আলো’

‘ধ্বংসস্তূপের আলো’ গল্পে পারিবারিক কলহ এবং এর প্রভাব মানুষের জীবনে কীভাবে গভীর ছাপ ফেলে, তা দেখানো হয়েছে। পারিবারিক অশান্তি মানুষের মানসিক জগতে যে অস্থিরতা সৃষ্টি করে, গল্পটি তার একটি বাস্তব প্রতিচ্ছবি।

‘পাহাড়-মেঘ আর ঝিরিপথের দিনলিপি’

‘পাহাড়-মেঘ আর ঝিরিপথের দিনলিপি’ গল্পটি মূলত ভ্রমণকাহিনি–সম্পর্কিত। লেখক ও তাঁর বন্ধুদের ভ্রমণের অভিজ্ঞতা এখানে দিনলিপির আকারে তুলে ধরা হয়েছে। পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য, ভ্রমণের আনন্দ ও বন্ধুত্বের উষ্ণতা গল্পটিকে প্রাণবন্ত করে তুলেছে।

‘করোনার দিনকাল’

‘করোনার দিনকাল’ গল্পে করোনা মহামারির কঠিন সময়ের চিত্র তুলে ধরা হয়েছে। রফিক, মেহজা, আ. কাদেরসহ কয়েকটি চরিত্রের মাধ্যমে মানুষের মানবিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী কাজের দৃষ্টান্ত এখানে ফুটে উঠেছে। কঠিন সময়েও মানুষ মানুষের পাশে দাঁড়ায়—এই বার্তা গল্পটির অন্যতম শক্তি।

‘ফসলের মাঠে জীবনের ছন্দ’

‘ফসলের মাঠে জীবনের ছন্দ’ গল্পে গ্রামীণ কৃষকের জীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে। একজন কৃষকের দৈনন্দিন কাজ, তার পরিবারের সঙ্গে সম্পর্ক এবং কিষানির সারা দিনের গৃহস্থালি কাজের বর্ণনা গল্পটিকে বাস্তবধর্মী করে তুলেছে। এতে গ্রামীণ জীবনের সরলতা ও সংগ্রাম স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

‘ভয়ের নগরী’

‘ভয়ের নগরী’ গল্পটি একজন ছাত্র শিশিরকে কেন্দ্র করে আবর্তিত। শহরের পরিবেশে তার বেড়ে ওঠা, পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে তার আবির্ভাব। সব মিলিয়ে গল্পটি অনুপ্রেরণামূলক। শিশিরের নেতৃত্বে ভয়ের নগরী একসময় নিরাপদ নগরীতে পরিণত হয়।

শেষ গল্প ‘বাহাদুরের মাঠ’

গ্রন্থের শেষ গল্প ‘বাহাদুরের মাঠ’। এই গল্পে একটি গ্রামের বিদ্যালয়ের খেলার মাঠকে কেন্দ্র করে ঘটনাপ্রবাহ গড়ে উঠেছে। নবম শ্রেণির এক সাহসী ও প্রতিবাদী কিশোরের উপস্থিতিতে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটে। গল্পটি তরুণ প্রজন্মের সাহস ও সচেতনতার প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে।

সামগ্রিক মূল্যায়ন

সব মিলিয়ে জীবনরেখা গল্পগ্রন্থটি সমকালীন ও প্রাচীন সমাজবাস্তবতার এক সমন্বিত চিত্র তুলে ধরেছে। মানুষের জীবনসংগ্রাম, প্রেম–বিরহ, আশা–নিরাশা ও মানবিক অনুভূতির নানা দিক এখানে শিল্পিতভাবে প্রকাশ পেয়েছে। লেখক সহজ ও সাবলীল ভাষায় গল্পগুলো উপস্থাপন করেছেন, যা পাঠকের কাছে গ্রহণযোগ্য ও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। গল্পগুলো শুধু পাঠককে বিনোদনই দেয় না; বরং সামাজিক দায়বোধ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের দিকেও ভাবতে উদ্বুদ্ধ করে। কারণ, সাহিত্য কেবল কল্পনার জগৎ নয়, এটি সমাজের বাস্তবতার প্রতিফলনও বটে। জীবনরেখা সেই বাস্তবতাকে ধারণ করে পাঠকের সামনে তুলে ধরেছে। জীবন ও সমাজের নানা অভিজ্ঞতার প্রতিচ্ছবি ধারণ করায় বইটি নিঃসন্দেহে সমকালীন বাংলা গল্পের ভান্ডারে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে।

একনজরে

  • বই: জীবনরেখা
  • লেখক: মো. আবুল বাশার
  • ধরন: গল্পগ্রন্থ
  • প্রকাশক: দাঁড়িকমা প্রকাশনী
  • প্রকাশকাল: ২০২৫
  • মূল্য: ২২০ টাকা
  • পৃষ্ঠাসংখ্যা: ৮৭