জামালপুর বন্ধুসভা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় গল্প ‘বাক্স–বদল’ নিয়ে পাঠচক্রের আসর করেছে। ২৪ এপ্রিল বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের আমতলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
পাঠ আলোচনায় উঠে এল মানবচরিত্রের নানা রূপ
পাঠ আলোচনায় বন্ধুরা বলেন, ‘বাক্স–বদল’ কেবল একটি নিছক হাস্যরসাত্মক বা আকস্মিক ঘটনার গল্প নয়, বরং এর পরতে পরতে মিশে আছে মানবচরিত্রের বিচিত্র রূপ। ট্রেনের কামরায় ভুলবশত বাক্স বদল হয়ে যাওয়ার মধ্য দিয়ে দুই অচেনা জীবনের সমান্তরাল ধারা যেভাবে একবিন্দুতে মিলেছে, তা বিভূতিভূষণ অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে ফুটিয়ে তুলেছেন।
নতুন বন্ধুর প্রতিক্রিয়া
পাঠচক্র শেষে নতুন বন্ধু ইশতিয়াক বলেন, ‘বিভূতিভূষণের লেখা সব সময়ই টানে। কিন্তু সবার সঙ্গে বসে এভাবে বই নিয়ে আলোচনা করাটা আমার জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। বই পড়ার আনন্দ যে ভাগ করে নিলে আরও বেড়ে যায়, আজ এখানে না এলে তা বুঝতে পারতাম না।’
কুইজ ও পুরস্কার
পাঠচক্র শেষে কুইজের আয়োজন করা হয়। কুইজের বিষয় ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্ম। কুইজে প্রথম হন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়।
উপস্থিত সদস্যরা
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, কার্যনির্বাহী সদস্য শামীম ও বন্ধু নাছির।



