ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রির তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এই বিক্রি চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। সেই সঙ্গে এবার ঈদযাত্রায় নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
অগ্রিম টিকিট বিক্রির তারিখসমূহ
এ ক্ষেত্রে আগামী ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পরদিন ৪ মার্চ আগামী ১৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। একইভাবে ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ আগামী ১৯ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হবে।
ফিরতি টিকিট বিক্রির তারিখসমূহ
অন্যদিকে আগামী ১৩ মার্চ থেকে ঈদুল ফিতরের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ওইদিন আগামী ২৩ মার্চের ফিরতি টিকিট বিক্রি করা হবে। পরদিন ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের ফিরতি টিকিট।
একইভাবে ১৫ মার্চ আগামী ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ আগামী ২৯ মার্চের ফিরতি টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
এই ব্যবস্থা ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে গৃহীত হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
