বাসর রাতের দুই রাকাত নামাজ: সুন্নত নাকি মুস্তাহাব? ইসলামী দৃষ্টিভঙ্গি
বাসর রাতের দুই রাকাত নামাজ: সুন্নত নাকি মুস্তাহাব?

মুসলিম সমাজে বাসর রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করার প্রচলন দীর্ঘদিনের। তবে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে—এটি কি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত, নাকি পরবর্তীকালে প্রচলিত কোনো বিদআত? আবার কেউ কেউ মনে করেন, এই নামাজ না পড়লে গুনাহ হবে। ইসলামী সূত্র ও সাহাবায়ে কেরামের আমলের আলোকে এ বিষয়ে সঠিক অবস্থান জানা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ।

সাহাবির আমল ও ফকিহদের মতামত

বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হাদিসে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে, রাসুলুল্লাহ (সা.) বাসর রাতে বিশেষভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন বা অন্যদের তা আদায় করার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে একজন মহান সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)-এর একটি প্রসিদ্ধ আমল ও নির্দেশ বর্ণিত হয়েছে।

মুসান্নাফ আবদুর রাজ্জাক ও আল-মু'জামুল কাবীর-এ এসেছে, এক ব্যক্তি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর কাছে এসে বললেন— ‘আমি এক নারীকে বিয়ে করেছি। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে, সে হয়তো আমাকে অপছন্দ করবে।’ জবাবে তিনি বলেন, ‘ভালোবাসা ও সম্প্রীতি আল্লাহর পক্ষ থেকে আসে, আর ঘৃণা ও বিদ্বেষ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান মানুষের কাছে আল্লাহর হালাল করা বিষয়কেও অপছন্দনীয় করে তুলতে চায়। তাই যখন তোমার স্ত্রী প্রথমবার তোমার ঘরে আসবে, তখন তাকে সঙ্গে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নামাজ শেষে পড়ার দোয়া

তিনি নামাজ শেষে নিম্নের দোয়াটি পড়ার পরামর্শ দেন—

اللَّهُمَّ بَارِكْ لِي فِي أَهْلِي، وَبَارِكْ لَهُمْ فِيَّ، وَارْزُقْنِي مِنْهُمْ، وَارْزُقْهُمْ مِنِّي، اللَّهُمَّ اجْمَعْ بَيْنَنَا مَا جَمَعْتَ إِلَى خَيْرٍ، وَفَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ إِلَى خَيْرٍ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লি ফি আহলি, ওয়া বারিক লাহুম ফিয়্যা, ওয়ারযুকনি মিনহুম, ওয়ারযুকহুম মিন্নি। আল্লাহুম্মাজমা‘ বাইনানা মা জামা‘তা ইলা খাইর, ওয়া ফাররিক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইর।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অর্থ: ‘হে আল্লাহ! আমার স্ত্রীর মধ্যে আমার জন্য বরকত দান করুন এবং আমার মধ্যে তার জন্য বরকত দান করুন। আমাকে তার পক্ষ থেকে (সন্তান ও কল্যাণের) রিজিক দান করুন এবং তাকেও আমার পক্ষ থেকে রিজিক দান করুন। হে আল্লাহ! যতদিন আমাদের একত্রে রাখবেন, কল্যাণের ওপর একত্রে রাখুন। আর যখন আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন, তখন তা যেন কল্যাণের সঙ্গেই হয়।’ (মুসান্নাফ আবদুর রাজ্জাক ১০৪৬০, আল-মু'জামুল কাবীর, আত-তাবারানি)

মুস্তাহাব, সুন্নত নয়

এ থেকে ফকিহগণ উল্লেখ করেছেন, বাসর রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করা বিদআত নয়; বরং এটি মুস্তাহাব (প্রশংসনীয় ও উত্তম আমল)। তবে এটিকে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতে মুয়াক্কাদাহ, ফরজ বা ওয়াজিব মনে করা সঠিক নয়। তাই কেউ যদি এই নামাজ আদায় না করেন, তাহলে তার কোনো গুনাহ হবে না।

বাসর রাতে দুই রাকাত নফল নামাজ আদায়ের বিষয়টি সরাসরি রাসুলুল্লাহ (সা.) থেকে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর পরামর্শ ও আমলের ভিত্তিতে অধিকাংশ আলেম এটিকে মুস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন। তাই এ আমল করলে সওয়াবের আশা করা যায়, কিন্তু না করলে গুনাহ হবে না।

সঠিক মনোভাব ও আমল

একজন মুসলিমের উচিত শরিয়তের দলিল অনুযায়ী আমল করা এবং কোনো মুস্তাহাব আমলকে ফরজ বা ওয়াজিব মনে না করা, আবার দলিলভিত্তিক মুস্তাহাব আমলকে বিদআত বলেও আখ্যায়িত না করা।