কঠিন সময়ে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা: বার্নআউট থেকে মুক্তির ইসলামিক উপায়
কঠিন সময়ে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা: বার্নআউট থেকে মুক্তির উপায়

জীবনে এমন কিছু সময় আসে, যখন দায়িত্বের ভার অসহ্য রকম ভারী মনে হয়—হতে পারে কোনো অসুস্থ প্রিয়জনের সেবা, সন্তান পালনের নির্ঘুম রাত কিংবা একসঙ্গে পড়াশোনা, চাকরি ও পরিবার সামলানোর চাপ। এ সময়গুলোয় মানুষ প্রায়ই নিজের ক্যারিয়ার, স্বাস্থ্য বা মনের শান্তি হারিয়ে একধরনের ক্লান্তি বা বার্নআউটে ভোগে। এমন কঠিন সময় পার করার জন্য কিছু সহজ অথচ গভীর উপায় পাওয়া যায়, যা শুধু সহ্য করার নয়; বরং সেই সময়কে অর্থপূর্ণ করে তোলার।

নিয়ত ঠিক রাখা ও বর্তমানে ফোকাস

দীর্ঘমেয়াদি কোনো ভার বহন করা ক্লান্তিকর, আর সেই ক্লান্তি থেকে একঘেয়েমি আসা স্বাভাবিক। এমন মুহূর্তে মনে রাখা ভালো, এই দায়িত্ব কোনো নিরেট বোঝা নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা সুযোগ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হতে পারে যা তোমরা অপছন্দ করছ, তা–ই তোমাদের জন্য কল্যাণকর, আর যা পছন্দ করছ, তা ক্ষতিকর—আল্লাহই ভালো জানেন।’ (সুরা বাকারা, আয়াত ২১৬) দায়িত্বকে সম্মান হিসেবে দেখতে পারলে অন্তরে একটা প্রশান্তি আসে। বর্তমান মুহূর্তে বাঁচতে শেখাটাও এর একটা অংশ। অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে এখন কী করা সম্ভব, তার ওপর ফোকাস করা। নিজেকে প্রশ্ন করা যায়, এই মুহূর্তে আল্লাহ–তাআলা আমার কাছে ঠিক কী চান? এই একটি প্রশ্নই মনকে দুশ্চিন্তা থেকে বর্তমানে ফিরিয়ে আনতে পারে।

আল্লাহর সঙ্গে সংযোগ ও দোয়া

এই যাত্রায় কেউ একা নয়। প্রতিটি কঠিন মুহূর্তে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়—বিচক্ষণতা, ধৈর্য ও সন্তুষ্টির জন্য দোয়া করা। কোরআনে আছে, ‘আমার কর্মসাধন আল্লাহরই সাহায্যে। আমি তাঁরই ওপর ভরসা করি।’ (সুরা হুদ, আয়াত ৮৮) মানসিক চাপ যখন ভারী হয়ে ওঠে, তখন জায়নামাজে বসে মনের সব কষ্ট আল্লাহর কাছে উজাড় করে দেওয়াই সবচেয়ে ভালো ওষুধ। আল্লাহ–তাআলা বলেছেন, ‘আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, (বলুন,) নিশ্চয় আমি খুব কাছে। কেউ ডাকলে, আমি তার ডাকে সাড়া দিই।’ (সুরা বাকারা, আয়াত ১৮৬) আর কঠিন কোনো মুহূর্তে শুধু একটা গভীর শ্বাস নেওয়াটাও একরকম আত্মসমর্পণ—মনে করিয়ে দেয়, চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, আমাদের কাজ শুধু যত্নে নিজের অংশটা করা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজের সীমা মেনে নেওয়া ও ভারসাম্য রক্ষা

নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়। একটা শূন্য পাত্র থেকে অন্য পাত্রে পানি ঢালা যায় না—অন্যের জন্য টিকে থাকতে হলে আগে নিজেকে সুস্থ রাখতে হবে। ঘুম, পুষ্টিকর খাবার আর মাঝেমধ্যে একটু বাইরে হাঁটাহাঁটি—এগুলো বিলাসিতা নয়, প্রয়োজন। নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সাহায্য চাইতেও দ্বিধা করা ঠিক নয়। মুখে শুধু ‘সাহায্য করো’ না বলে কাজের একটা তালিকা তৈরির পর পরিবার–পরিজনকে ভাগ করে দেওয়া যায়, কে কোন অংশটা নিতে পারবে। আর সাধ্যে থাকলে পেশাদার সাহায্য নেওয়াও দ্বিধার কিছু নয়। জীবনযুদ্ধে সব ভূমিকাকে একেবারে মিলিয়ে ফেলাটাও বিপজ্জনক। এই কঠিন সময়টা জীবনের একটা অধ্যায় মাত্র, চিরস্থায়ী নয়। তাই তার পাশাপাশি অন্য দায়িত্বগুলোর জন্যও একটু জায়গা রাখা জরুরি। মহানবী (সা.) বলেছেন, ‘তোমার ওপর তোমার প্রতিপালকের অধিকার আছে, তোমার নিজের অধিকার আছে, তোমার পরিবারের অধিকার আছে—প্রত্যেকের প্রাপ্য তাকে দিয়ে দাও।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১৩৯) নিয়মিত একটু বিরতি নেওয়া, পরিবেশ বদলানো, বন্ধুদের সঙ্গে সময় কাটানো—এসবও এই ভারসাম্যের অংশ। মাথার ভেতর জমে থাকা সব কাজ একটা কাগজে লিখে ফেলে কোনটা এখন করব, কোনটা বাদ দেব, কোনটা পরে করব—এভাবে ভাগ করে নিলে মনের জায়গাটা অনেকখানি খালি হয়ে যায়।

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখা

কোরআনে বলা হয়েছে, ‘যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করল, সে যেন পুরো মানবজাতির জীবন রক্ষা করল।’ (সুরা মায়েদা, আয়াত ৩২) কারও ভার বহন করা, কাউকে আগলে রাখা, কারও জীবনকে একটু সহজ করে দেওয়া—এটা এমন এক দীর্ঘমেয়াদি ইবাদত, যা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ প্রতি মুহূর্তে দেখছেন।