মহাবিশ্বের মৌলিক প্রশ্ন হলো: অস্তিত্বের স্বাভাবিক রূপ কী—নেজাম না নৈরাজ্য? ফিতরাতি বাস্তুবিদ্যা এই প্রশ্নের উত্তর খোঁজে অস্তিত্বগত নেজামের ধারণায়। নেজাম হলো কায়েনাতের অন্তর্নিহিত অস্তিত্বগত বিধান, যার ফলে বাস্তবতার প্রতিটি সত্তা, সম্পর্ক ও স্তর একটি অভিন্ন, ধারাবাহিক ও অর্থপূর্ণ সংহতির মধ্যে অবস্থান করে।
অস্তিত্বের স্তরবিন্যাস ও সংহতি
অস্তিত্বের বিভিন্ন স্তর কেন বিচ্ছিন্ন নয়? ফিতরাতি বাস্তুবিদ্যার মতে, বাস্তবতার কোনো স্তরই সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। একটি বৃক্ষ মাটি, পানি, আলো ও বায়ুর সঙ্গে সম্পর্কহীন হয়ে টিকে থাকতে পারে না; একটি প্রাণী তার পরিবেশ ছাড়া অর্থহীন; মানুষ সমাজ, ভাষা ও ইতিহাস ছাড়া নিজের পরিচয় নির্মাণ করতে পারে না। সম্পর্ক নিজেই অস্তিত্বের একটি মৌলিক ধর্ম। বিচ্ছিন্নতা নয়, বরং পারস্পরিক নির্ভরতা ও সংযুক্তিই কায়েনাতের আসল রূপ।
আধুনিক পদার্থবিজ্ঞান স্পষ্ট করেছে যে মহাবিশ্বের গভীরে এক বিস্ময়কর নিয়ম কাজ করছে। বিশ্বজগৎ নিছক অগোছালো সম্ভাবনার ফল নয়। বরং এর গভীরে এমন এক সুসংহত বিন্যাস ক্রিয়াশীল। বাস্তবতার এই সংহতি কেবল অনুভূমিক নয়, এটি স্তরবিন্যস্তও। পদার্থের ওপর জীবন প্রতিষ্ঠিত হয়, জীবনের ওপর চেতনা, চেতনার ওপর বিচারবোধ, বিচারবোধের ওপর নৈতিক দায়িত্ব এবং নৈতিকতার পূর্ণতা বিকশিত হয় ওহির নির্দেশনায়। কোনো উচ্চতর স্তর তার নিম্নস্তরকে অস্বীকার করে না, বরং তাকে ধারণ করে, তার অর্থকে প্রসারিত করে এবং নতুন মাত্রা দান করে।
নেজামের ভিত্তি: মিজান, তাকদির ও সুন্নাতুল্লাহ
ফিতরাতি বাস্তুবিদ্যা মহাবিশ্বে বিস্তৃত সম্পর্কময় বাস্তবতাকে 'অস্তিত্বগত সংহতি' নামে অভিহিত করে। এর মানে, কোনো সত্তা একা বা স্বয়ংসম্পূর্ণভাবে অস্তিত্ব লাভ করে না, বরং প্রতিটি সত্তা একটি বৃহত্তর অস্তিত্বগত বিন্যাসের অংশ হিসেবে অর্থ ও অবস্থান লাভ করে। নেজাম সেই সম্পর্কগুলোর ধারাবাহিকতা ও সামঞ্জস্যের দৃশ্যরূপ, আর অস্তিত্বগত সংহতি হলো সেই নেজামের গভীরতর ভিত্তি।
নেজামের মাত্রাগুলো স্পষ্ট করে মিজান (ভারসাম্য), তাকদির (পরিমিত নির্ধারণ) এবং সুন্নাতুল্লাহ (আল্লাহর স্থায়ী ও পুনরাবৃত্ত সৃষ্টিগত বিধান)। এই ধারণাগুলো আলাদা নয়, বরং একই অস্তিত্বগত কানুনের ভিন্ন ভিন্ন দিক। নেজামের আরেকটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো অস্তিত্বগত নির্ভরতা। কায়েনাতের কোনো সত্তাই নিজের দ্বারা প্রতিষ্ঠিত নয়। প্রতিটি সত্তা তার অস্তিত্ব, কার্যকারিতা এবং স্থিতির জন্য অন্য সত্তা ও বৃহত্তর অস্তিত্বব্যবস্থার ওপর নির্ভরশীল।
প্রাকৃতিক নিয়ম বনাম ফিতরাতি দৃষ্টিকোণ
ফিতরাতি বাস্তুবিদ্যা প্রকৃতির নিয়মকে কেবল 'ন্যাচারাল ল' হিসেবে ব্যাখ্যা করতে নারাজ। 'প্রাকৃতিক নিয়ম' কথাটি সাধারণত নিয়মের অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু তার অন্টোলজিক্যাল ভিত্তি সম্পর্কে নীরব থাকে। ফিতরাতি দৃষ্টিকোণ ন্যাচারাল ল-কে প্রশ্ন করে—বাস্তবতা কেন নিয়মমান্য? কেন অস্তিত্ব আইনসম্মত? কেন মহাবিশ্বের ভেতরে নিয়ম ব্যতিক্রমের তুলনায় অধিকতর মৌলিক? ন্যাচারাল ল এই প্রশ্নের উত্তর কার্যকারণের মধ্যে খোঁজে, কিন্তু ফিতরাতি দৃষ্টিকোণ বলে, প্রশ্নগুলোর জবাব অস্তিত্বের প্রকৃতির মধ্যেই নিহিত। বাস্তবতা নিয়ম অনুসরণ করে না, বরং বাস্তবতার অস্তিত্বই বিধানিক। নেজাম তার ওপর আরোপিত নয়, নেজামই তার অস্তিত্বের ভাষা।
বিশৃঙ্খলা বা অরাজকতার ধারণাও এখানে নতুন অর্থ লাভ করে। আধুনিক বিজ্ঞানে এনট্রপি, অস্থিতিশীলতা কিংবা বিশৃঙ্খলা বাস্তবতার গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এগুলো কখনোই সীমাহীন নয়। এনট্রপি নিজেও একটি নিয়ম মেনে বৃদ্ধি পায়। কোয়ান্টাম অনিশ্চয়তাও সম্ভাবনার নির্দিষ্ট গাণিতিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়। নক্ষত্রের বিস্ফোরণও মহাকর্ষ, তাপগতিবিদ্যা এবং মৌলিক বলের নিয়ম অতিক্রম করে না। অর্থাৎ বিশৃঙ্খলাও নেজামের বাইরে নয়, বরং নেজামের একটি সীমাবদ্ধ প্রকাশ।
ফিতরাত: অস্তিত্বের সঙ্গে সামঞ্জস্য
ফিতরাতি বাস্তুবিদ্যা ফিতরাত ধারণাকেও নতুনভাবে ব্যাখ্যা করে। ফিতরাত কি কেবল মানুষের সহজাত ধর্মীয় প্রবণতা? না। ফিতরাত এখানে অস্তিত্বের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষমতা। যে সত্তা তার সৃষ্টিগত বিন্যাসের সঙ্গে সংগতিপূর্ণ থাকে, সে তার ফিতরাতে প্রতিষ্ঠিত থাকে। এই অর্থে ফিতরাত হলো মহাজাগতিক প্রকৃতির সঙ্গে অস্তিত্বগত সুরমিলন। ফিতরাত থেকে বিচ্যুতি মানে অস্তিত্বের মৌলিক সামঞ্জস্য থেকে দূরে সরে যাওয়া।
এই দৃষ্টিকোণ থেকে মানবসভ্যতার বিভিন্ন প্রতিষ্ঠানও নতুন অর্থ লাভ করে। নৈতিকতা, আইন, জ্ঞানচর্চা, পরিবেশনীতি কিংবা সামাজিক শৃঙ্খলা ইত্যাদিকে তখন বিচ্ছিন্ন মানবিক উদ্ভাবন হিসেবে দেখা যায় না। এগুলো অস্তিত্বগত নেজামের মানবীয় প্রতিফলন। মানুষ যখন ন্যায় প্রতিষ্ঠা করে, তখন সে সামাজিক নেজাম রক্ষা করছে। সে যখন পরিবেশের ভারসাম্য সংরক্ষণ করে, তখন সে বাস্তুগত নেজামের সঙ্গে সংগতি স্থাপন করছে। সে যখন সত্য অনুসন্ধান করে, তখন সে জ্ঞানের নেজাম অনুসরণ করছে। অর্থাৎ মানবজীবনের বিভিন্ন ক্ষেত্র বাস্তবে একই অস্তিত্বগত শৃঙ্খলার বিভিন্ন স্তর।
তাওহিদ: নেজামের চূড়ান্ত উৎস
এখানেই আরেকটি মৌলিক প্রশ্ন সামনে আসে। যদি নেজাম সত্যিই অস্তিত্বের অন্তর্নিহিত ধর্ম হয়, তবে এই সর্বজনীন নেজামের চূড়ান্ত ভিত্তি কী? পদার্থ, জীবন, চেতনা, নৈতিকতা ও মহাজাগতিক বিন্যাস একই অস্তিত্বগত সামঞ্জস্যের অধীন পরিচালিত হয়, তবে সেই সামঞ্জস্য কি বহু স্বাধীন উৎস থেকে জন্ম নিতে পারে? অন্টোলজির দৃষ্টিতে এর উত্তর নেতিবাচক। কারণ, একাধিক স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন উৎস থাকলে তাদের প্রত্যেকের নিজস্ব বিধান, উদ্দেশ্য ও অস্তিত্বগত দাবি থাকবে। সে ক্ষেত্রে সমগ্র কায়েনাতজুড়ে যে অভিন্ন ধারাবাহিকতা, সর্বজনীন কার্যকারণ, গাণিতিক সামঞ্জস্য এবং বিধানিক ঐক্য আমরা প্রত্যক্ষ করি, তা স্থায়ীভাবে অক্ষুণ্ন থাকা সম্ভব হতো না।
অতএব নেজামের সর্বজনীনতা তার উৎসের একত্ব বা তাওহিদকে আহ্বান করে। এ কারণে তাওহিদ এখানে কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং অস্তিত্বগত নেজামের যৌক্তিক পরিণতি। কায়েনাতে যদি বিধান এক হয়, অস্তিত্বগত সংহতি এক হয় এবং বাস্তবতার গভীরতম সংগঠন এক হয়, তবে তার চূড়ান্ত উৎসও এক, অভিন্ন এবং অবিভাজ্য হওয়াই দার্শনিকভাবে অধিকতর সংগত। ফিতরাতি বাস্তুবিদ্যার ভাষায়, তাওহিদ হচ্ছে অস্তিত্বের গভীরতম নেজামের অন্তর্নিহিত ব্যাখ্যা। নেজাম হলো বাস্তবতার ভাষা, আর তাওহিদ সেই ভাষার চূড়ান্ত উৎস।
কায়েনাত টিকে আছে, কারণ তার অন্তর্গত নেজাম টিকে আছে। আর সেই নেজামের চূড়ান্ত উৎস একক, অভিন্ন এবং অবিভাজ্য। ফিতরাতি বাস্তুবিদ্যার ভাষায়, অস্তিত্বের গভীরতম সত্য পদার্থ নয়—নেজাম।



