সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
দিনাজপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় এবার প্রায় ৫০টি স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জামাতের সময় ও স্থান
শুক্রবার সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক আবু তাহের।
এ ছাড়াও দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগ এলাকা, বোচাগঞ্জ উপজেলার ছাতইর, বিরলের ভাড়াডাঙ্গি, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও তের মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ এবং জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ, চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা, বিরল উপজেলার বালাদার গ্রামসহ বিভিন্ন স্থানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মুসল্লিদের অংশগ্রহণ
প্রতিটি জামাতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে। সব মিলিয়ে জেলায় প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। তারা বলছেন, জেলায় মোট ৪৪টি জামাত হয়, এবার বেশি হয়েছে।
মুসল্লিদের প্রতিক্রিয়া
মুসল্লি শরিফুল ইসলাম বলেন, ‘আমরা সারা দেশে একই দিনে রোজার ঈদ করতে পেরেছি। মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। সারা পৃথিবীর ৮৮ শতাংশ মুসলিম একইদিনে রোজা-ঈদ উদযাপন করেন।’
স্থানীয় হলি কোরআন মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘সারা দেশের নিয়মের বাইরে গিয়ে একদিন আগে ঈদ করছি। সারা বিশ্বে একটাই চাঁদ। সৌদি আরবের ভাইয়েরা চাঁদ দেখেই রোজা রেখেছেন, তারা মুসলিম। তাদের বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। চাঁদ উঠেছে, এমন সংবাদ পৌঁছালে রোজা রাখা ফরজ।’
ইমামের বক্তব্য
নামাজে ইমামতি করা আবু তাহের বলেন, ‘পৃথিবী একটা, সৌদি আরব পৃথিবীর মধ্যে। এজন্য আমরা একই দিনে ঈদ করার চেষ্টা করি। তাই একই দিনে ঈদের নামাজ আদায় হয়েছে।’



