ভ্লাদিমির সলোভিয়ভ: রুশ দর্শনের মরমি পথিকৃৎ
ভ্লাদিমির সলোভিয়ভ: রুশ দর্শনের মরমি পথিকৃৎ

ভ্লাদিমির সলোভিয়ভ (১৬ জানুয়ারি ১৮৫৩—১৩ আগস্ট ১৯০০) ছিলেন রাশিয়ার এক অসাধারণ দার্শনিক, ধর্মতাত্ত্বিক, কবি ও মরমি চিন্তাবিদ। উনিশ শতকের শেষভাগে রুশ বুদ্ধিবৃত্তিক জগতে তিনি দর্শন, ধর্ম, কবিতা ও মিস্টিসিজমকে একত্র করে একধরনের সেতুবন্ধন তৈরি করেছিলেন। অনেকেই তাঁকে আধুনিক রুশ ধর্মদর্শনের প্রধান পথিকৃৎ মনে করেন।

জীবনের প্রথম অধ্যায়

ভ্লাদিমির সলোভিয়ভ ১৮৫৩ সালে মস্কোতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম হয় এক অত্যন্ত বিদগ্ধ পরিবারে। তাঁর বাবা সের্গেই সলোভিয়ভ ছিলেন রাশিয়ার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইতিহাসবিদ এবং মস্কো বিশ্ববিদ্যালয়ের রেক্টর। তাঁর পিতামহ ছিলেন একজন ধর্মযাজক। এই পারিবারিক পরিবেশ তাঁকে দুটি ভিন্ন ধারার শিক্ষা দিয়েছিল: বাবার কাছ থেকে পেয়েছিলেন তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণক্ষমতা, আর পিতামহের কাছ থেকে পেয়েছিলেন গভীর আধ্যাত্মিক চেতনা। শৈশব থেকেই তিনি অত্যন্ত সংবেদনশীল এবং মেধাবী ছিলেন।

মাত্র ১৩ বছর বয়সে সলোভিয়ভ এক চরম মানসিক সংকটের মধ্য দিয়ে যান। তিনি প্রথাগত অর্থোডক্স ধর্মবিশ্বাস ত্যাগ করে বস্তুবাদ ও শূন্যবাদ তথা নিহিলিজমের দিকে ঝুঁকে পড়েন। এমনকি তিনি গির্জার আইকন বা পবিত্র ছবিগুলো জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন। তবে এই নাস্তিক্যবাদ দীর্ঘস্থায়ী হয়নি। ১৮ বছর বয়সের দিকে তিনি অনুভব করেন যে বিজ্ঞান বা বস্তুবাদ মানুষের জীবনের পরম সত্য বা নৈতিক প্রশ্নের উত্তর দিতে পারে না। এরপর তিনি পুনরায় আধ্যাত্মিকতার পথে ফিরে আসেন এবং দর্শন ও ধর্মতত্ত্বকে তাঁর জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোফিয়ার তিন দর্শন

সলোভিয়ভের জীবন ও দর্শনের সবচেয়ে রহস্যময় অংশ হলো ‘সোফিয়া’ বা দিব্যজ্ঞানের সঙ্গে তাঁর তিনটি মরমি দর্শন। সোফিয়াকে তিনি কোনো রক্তমাংসের মানবী নয়, বরং ঈশ্বরের এক সৃজনশীল নারীসত্তা বা ‘দিব্যজ্ঞান’ হিসেবে কল্পনা করতেন। সোফিয়ার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয় ১৮৬২ সালে। মাত্র ৯ বছর বয়সে মস্কোর এক গির্জায় উপাসনার সময় তিনি প্রথমবার এক জ্যোতির্ময় নারীমূর্তি দেখেন। দ্বিতীয় সাক্ষাৎ হয় ১৮৭৫ সালে। যখন তিনি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে পড়াশোনা করছিলেন, তখন সোফিয়া পুনরায় তাঁর সামনে আবির্ভূত হন। সলোভিয়ভ তাঁর কাছে প্রার্থনা করেন যেন তিনি তাঁর পূর্ণ রূপ দেখান। তখন সোফিয়া তাঁকে মিসরে যাওয়ার নির্দেশ দেন। তৃতীয় সাক্ষাৎ হয় ১৮৭৬ সালে। মিসরের কায়রো থেকে মরুভূমির গভীরে যাওয়ার পর ভোরের আলোয় সোফিয়া তাঁর সামনে পূর্ণরূপে আবির্ভূত হন। সলোভিয়ভ লিখেছিলেন যে তিনি সেই মুহূর্তে মহাবিশ্বের সবকিছুর মধ্যে এক অখণ্ড ঐক্য অনুভব করেছিলেন।

রাজনৈতিক সাহস ও দস্তয়েভস্কির বন্ধুত্ব

১৮৮১ সালে রাশিয়ার জার দ্বিতীয় আলেক্সান্দার যখন আততায়ীর হাতে নিহত হন, তখন সলোভিয়ভ এক সাহসী ও বিতর্কিত পদক্ষেপ নেন। তিনি একটি জনসভায় নতুন জার তৃতীয় আলেক্সান্দারকে অনুরোধ করেন যেন তিনি খ্রিষ্টীয় ক্ষমার আদর্শ মেনে তাঁর বাবার হত্যাকারীদের মৃত্যুদণ্ড না দিয়ে ক্ষমা করে দেন। এ ভাষণের ফলে সরকার ও বিশ্ববিদ্যালয়–মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এর ফলে তাঁকে অধ্যাপনা ছাড়তে বাধ্য করা হয়। এরপর থেকে তিনি আমৃত্যু একজন স্বাধীন লেখক ও গবেষক হিসেবে জীবন কাটান।

বিখ্যাত লেখক ফিওদর দস্তয়েভস্কি ছিলেন সলোভিয়ভের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দস্তয়েভস্কির শেষ ও শ্রেষ্ঠ উপন্যাস কারামাজভ ভাইয়েরার কেন্দ্রীয় চরিত্র আলিওশা কারামাজভের চরিত্রের অনেকখানি সলোভিয়ভের ব্যক্তিত্ব থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়। দস্তয়েভস্কি সলোভিয়ভের ‘সর্ব-ঐক্য’ বা ‘অল–ইউনিটি’ দর্শনের একজন বড় অনুরাগী ছিলেন।

সর্ব-ঐক্যের দর্শন

সলোভিয়ভ সারা জীবন ইস্টার্ন অর্থোডক্স ও রোমান ক্যাথলিক চার্চের মধ্যে বিভেদ দূর করে একটি ‘সর্বজনীন খ্রিষ্টধর্ম’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি মনে করতেন, ধর্মতাত্ত্বিক বিভেদগুলো আসলে মানুষের তৈরি এবং ঈশ্বরের দৃষ্টিতে মানবজাতি এক ও অবিভাজ্য। সলোভিয়ভ অত্যন্ত সাদামাটা ও সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। তিনি প্রায়ই তাঁর আয়ের সব টাকা দরিদ্রদের দান করে দিতেন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিতেন না। অতিরিক্ত পরিশ্রম ও অনিয়মের কারণে তাঁর শরীর ভেঙে পড়ে। ১৯০০ সালে মাত্র ৪৭ বছর বয়সে তিনি মস্কোর কাছে তাঁর এক বন্ধুর বাড়িতে মৃত্যুবরণ করেন।

ভ্লাদিমির সলোভিয়ভের দর্শন ও মিস্টিসিজম কেবল তাত্ত্বিক বিষয় ছিল না, এটি ছিল এক জীবন্ত অভিজ্ঞতা, যা মহাবিশ্বের প্রতিটি অণু-পরমাণুকে এক অখণ্ড সত্তার অংশ হিসেবে দেখে। সলোভিয়ভের দর্শনের কেন্দ্রবিন্দু হলো ‘সর্ব-ঐক্য’। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বর এবং এই দৃশ্যমান জগৎ একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। তাঁর মতে, মহাবিশ্বের প্রতিটি বস্তু, প্রাণী এবং মানুষের অস্তিত্বের মূলে রয়েছে একটি অভিন্ন ঐশ্বরিক ভিত্তি। জড়জগৎ ও আধ্যাত্মিক জগৎ আলাদা নয়, বরং জড় হলো আধ্যাত্মিকতার একটি ঘনীভূত রূপ। তাঁর মতে, দর্শনের কাজ হলো বিজ্ঞান, ধর্ম ও যুক্তিকে এমনভাবে একীভূত করা, যাতে মানুষ মহাবিশ্বের এই অখণ্ড রূপটি দেখতে পায়। ভারতীয় অদ্বৈতবাদ ও ইবনে আরাবির ‘ওয়াহদাত আল উজুদ’ তত্ত্বের সঙ্গে এর চমৎকার সাদৃশ্য দেখা যায়।

সোফিওলজি ও থিওর্জি

সলোভিয়ভ ছিলেন রুশ দর্শনে সোফিওলজি বা দিব্য প্রজ্ঞাতত্ত্বের প্রবক্তা। তাঁর মিস্টিসিজম বা মরমিতা মূলত সোফিয়া তথা দিব্য প্রজ্ঞাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তিনি সোফিয়াকে ঈশ্বরের নারীসুলভ শক্তি বা ‘শাশ্বত নারীত্ব’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করতেন, ঈশ্বর কেবল একজন বিচারক বা পিতা নন, বরং তাঁর একটি প্রেমময় এবং সৃজনশীল মাতৃত্বপূর্ণ সত্তাও আছে। সোফিয়া হলো স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সেতুবন্ধন। তিনি এই জগতের ‘আত্মা’ (ওয়ার্ল্ড সোল)। সলোভিয়ভ দাবি করতেন যে তিনি তিনবার সোফিয়ার দর্শন পেয়েছিলেন, যা তাঁকে শিখিয়েছিল যে সত্যিকারের জ্ঞান কেবল বই পড়ে নয়, বরং হৃদয়ের গভীর অনুভূতির মাধ্যমে অর্জন করা সম্ভব।

তিনি মানবসমাজের উন্নতির জন্য আধ্যাত্মিক পুনর্জন্মের ওপর জোর দেন। সলোভিয়ভ মনে করতেন, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের ওপর ভিত্তি করে সমাজ গঠিত হলে সেটি সত্যিকারের সর্ব-ঐক্য অর্জন করতে পারবে। তাঁর দর্শন শুধু বিমূর্ত ধারণা নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি পথও নির্দেশ করে। তিনি মনে করেন, মানবজাতির লক্ষ্য হলো বিবর্তনের মাধ্যমে ক্রমে ঈশ্বরের গুণাবলি অর্জন করা। যিশুখ্রিষ্ট শুধু একজন ঐতিহাসিক ব্যক্তি নন, বরং তিনি হলেন ‘ঈশ্বর-মানবতা’র আদর্শ উদাহরণ। ব্যক্তিগত মুক্তিই শেষ কথা নয়, বরং পুরো সমাজ এবং মানবজাতিকে একটি ‘ঐশ্বরিক সমাজে’ রূপান্তর করতে হবে। এই প্রক্রিয়াকে তিনি ‘থিওসিস’ বা মানুষের ঐশ্বরিকীকরণ বলে অভিহিত করেছেন। এই অনুষঙ্গে শ্রী অরবিন্দের দর্শন আমাদের মনে পড়বে নিশ্চয়ই।

থিওর্জি (Theurgy) বা শিল্প ও আধ্যাত্মিকতার কথা বলেছেন সলোভিয়ভ। তিনি বিশ্বাস করেন, শিল্প বা আর্ট শুধু বিনোদনের জন্য নয়। শিল্পী যখন কোনো সৃষ্টি করেন, তিনি আসলে সোফিয়ার বা দিব্য সৌন্দর্যের একটি অংশকে এই পৃথিবীতে নিয়ে আসেন। শিল্পীর কাজ হলো পৃথিবীকে আধ্যাত্মিকভাবে রূপান্তর করা। তিনি শিল্পকে একটি ‘ম্যাজিক্যাল’ বা ‘থিওর্জিক’ ক্রিয়া হিসেবে দেখতেন, যা মানুষের চেতনার স্তরকে উঁচুতে তুলে নিয়ে যায়।

তাঁর এই মরমি দর্শন রুশ ইতিহাসে এক বিশাল পরিবর্তন নিয়ে আসে। আলেকসান্দার ব্লক ও আন্দ্রেই বেলির মতো প্রতীকবাদী কবিরা সলোভিয়ভের ‘সোফিয়া’ ধারণাকে তাঁদের কবিতার প্রধান বিষয়বস্তু করে তোলেন। তাঁর দর্শন অর্থোডক্স চার্চের পুরোনো ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করে এবং ধর্মকে বিজ্ঞানের সঙ্গে সমন্বয় করার পথ দেখায়। তিনি বলেন, ‘সত্যিকারের ভালোবাসা হলো সেই শক্তি, যা মানুষকে তার ক্ষুদ্র অহংবোধ থেকে বের করে এনে মহাজাগতিক ঐক্যের স্বাদ দেয়।’

ভালোবাসার অর্থ

ভ্লাদিমির সলোভিয়ভের ‘ভালোবাসার অর্থ’ (‘দ্য মিনিং অব লাভ’, রুশ নাম: Smysl lyubvi) তাঁর দর্শনের অন্যতম শ্রেষ্ঠ এবং প্রভাবশালী কাজ। ১৮৯২ থেকে ১৮৯৪ সালের মধ্যে লেখা এই প্রবন্ধমালায় তিনি ভালোবাসাকে কেবল একটি জৈবিক বা মনস্তাত্ত্বিক আবেগ হিসেবে না দেখে, একে একটি মহাজাগতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন।

এই গ্রন্থের একটি মূল বক্তব্য—ভালোবাসার লক্ষ্য হলো অহংবোধের বিনাশ। সলোভিয়ভের মতে, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার অহং বা ‘ইগো’ বা আমিত্ব। মানুষ স্বভাবগতভাবেই নিজেকে মহাবিশ্বের কেন্দ্র মনে করে এবং অন্য সবাইকে তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে চায়। ভালোবাসার কাজ হলো মানুষের এই সংকীর্ণ অহংবোধকে ভেঙে ফেলা। যখন কেউ কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন সে প্রথমবার অনুভব করে যে তার নিজের বাইরেও অন্য একজন মানুষের অস্তিত্ব রয়েছে, যার মূল্য তার নিজের চেয়ে কম নয়। অর্থাৎ, ভালোবাসা মানুষকে ‘স্বার্থপরতা’ থেকে মুক্তি দেয়।

সলোভিয়ভ এই গ্রন্থে মূলত নারী ও পুরুষের মধ্যকার রোমান্টিক বা যৌনতামূলক ভালোবাসার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে তিনি একে প্রজনন বা বংশবৃদ্ধির মাধ্যম হিসেবে দেখেননি। তিনি যুক্তি দিয়েছেন যে পশুপাখিরাও বংশবৃদ্ধি করে, কিন্তু তাদের মধ্যে এমন গভীর ব্যক্তিগত ভালোবাসা থাকে না। মানুষের ক্ষেত্রে ভালোবাসার প্রকৃত উদ্দেশ্য হলো দুটি বিচ্ছিন্ন সত্তাকে একীভূত করে একটি ‘পূর্ণাঙ্গ মানুষ’ তৈরি করা। তাঁর মতে, একা কোনো মানুষই পূর্ণ নয়, নারী ও পুরুষ মিলিত হয়েই পূর্ণতা পায়।

সলোভিয়ভ বিশ্বাস করতেন যে ভালোবাসা হলো সেই শক্তি, যা মানুষকে তার পশুবৎ প্রকৃতি থেকে ওপরে তুলে ঈশ্বরময় মানবতার (গডম্যানহুড) দিকে নিয়ে যায়। প্রেমে পড়লে আমরা আমাদের প্রিয়তমা বা প্রিয়তমের মধ্যে এক অপূর্ব সৌন্দর্য ও দিব্য আভা দেখতে পাই। সলোভিয়ভ বলেন, এই সৌন্দর্য কোনো ভ্রম নয়। প্রেমিক আসলে তাঁর প্রিয়জনের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি বা তাঁর ‘আদর্শ রূপ’ দেখতে পান। ভালোবাসার কাজ হলো সেই আদর্শ রূপকে বাস্তবে রূপান্তর করা।

এই গ্রন্থের একটি বৈপ্লবিক ধারণা হলো—ভালোবাসা মৃত্যুকে জয় করতে পারে। সলোভিয়ভের মতে, মৃত্যু ঘটে কারণ আমাদের জীবন বিচ্ছিন্ন ও খণ্ডিত। যদি ভালোবাসা সত্যিকার অর্থে দুজন মানুষকে এক অখণ্ড সত্তায় পরিণত করতে পারে, তবে তারা সময়ের ঊর্ধ্বে উঠে অমরত্ব লাভ করতে পারে। ভালোবাসা হলো সেই ‘অমরত্বের বীজ’, যা মানুষের ভেতরে বপন করা হয়েছে।

গ্রন্থের শেষ দিকে তিনি ভালোবাসাকে আরও বড় পটভূমিতে দেখেন। ব্যক্তিগত ভালোবাসা হলো ‘সোফিয়া’ বা দিব্য জ্ঞানের সঙ্গে যুক্ত হওয়ার প্রথম ধাপ। ব্যক্তি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র এবং শেষ পর্যন্ত পুরো মহাবিশ্বকে ভালোবাসার মাধ্যমে একীভূত করাই হলো সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য। একেই তিনি তাঁর দর্শনে ‘সর্ব-ঐক্য’ বলে অভিহিত করেছেন।

এই গ্রন্থের সারকথা হলো, ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, বরং এটি একটি সৃজনশীল কাজ (থিওর্জি)। এর উদ্দেশ্য হলো মৃত্যুকে জয় করা, অহংবোধকে বিসর্জন দেওয়া এবং মানুষকে পুনরায় ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। সলোভিয়ভ মনে করতেন, সত্যিকারের প্রেমিকের চোখ দিয়ে ঈশ্বর নিজেই এই পৃথিবীকে দেখেন। সুফি–দর্শনের সঙ্গে সলোভিয়ভের এই ভাবধারার অপূর্ব সাদৃশ্য পরিলক্ষিত হয়।

কবি সলোভিয়ভ

সলোভিয়ভ শুধু একজন দার্শনিকই ছিলেন না, একজন প্রতিভাবান কবিও ছিলেন। তাঁর কবিতাগুলো গভীর দার্শনিক ও আধ্যাত্মিক বিষয়বস্তুতে সমৃদ্ধ। তিনি বিশ্বাস করতেন, যে সত্যকে গদ্যে বা তত্ত্বে বোঝানো কঠিন, তা কবিতার রূপক ও প্রতীকের মাধ্যমে মানুষের হৃদয়ে সরাসরি পৌঁছে দেওয়া সম্ভব। সলোভিয়ভ ছিলেন রুশ প্রতীকবাদ বা সিম্বলিজম আন্দোলনের পথপ্রদর্শক। তিনি সাধারণ শব্দকে গভীর আধ্যাত্মিক অর্থে ব্যবহার করতেন। যেমন—‘তারা’, ‘সূর্যোদয়’ বা ‘পদ্ম’ তাঁর কবিতায় কেবল প্রকৃতির অংশ নয়, বরং দিব্য জ্ঞানের প্রতীক। তাঁর কবিতায় রঙের একটি বিশেষ অর্থ আছে। তিনি প্রায়ই নীল এবং বেগুনি রং ব্যবহার করতেন সোফিয়া বা ঐশ্বরিক উপস্থিতিকে বোঝাতে। তাঁর বর্ণনায় স্বর্গীয় আলো সব সময়ই উজ্জ্বল ও জ্যোতির্ময়।

সলোভিয়ভের কবিতা অত্যন্ত শ্রুতিমধুর। তিনি ক্ল্যাসিক্যাল ছন্দ ব্যবহার করলেও তার ভেতরে একধরনের মরমি সুর ধরে রাখতেন, যা পাঠককে অন্য এক জগতে নিয়ে যায়। মজার ব্যাপার হলো, সলোভিয়ভ যেমন অত্যন্ত গম্ভীর আধ্যাত্মিক কবিতা লিখতেন, তেমনি মাঝেমধ্যে নিজের মরমি অভিজ্ঞতা নিয়ে কিছুটা কৌতুক বা ব্যঙ্গাত্মক কবিতাও লিখতেন, যা তাঁর ব্যক্তিত্বের এক অনন্য দিক।

তাঁর কালজয়ী সৃষ্টি হলো ‘তিনটি সাক্ষাৎ’ (থ্রি মিটিংস)। এটি তাঁর কাব্যজীবনের শ্রেষ্ঠ কাজ হিসেবে স্বীকৃত। এই দীর্ঘ কবিতায় তিনি নিজের জীবনের তিনটি প্রধান মরমি অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন: প্রথমবার শৈশবে মস্কোর গির্জায় সোফিয়ার অস্পষ্ট রূপ দর্শন। দ্বিতীয়বার লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে গবেষণারত অবস্থায় সোফিয়ার মুখের দর্শন ও মিসরে যাওয়ার আদেশ। তৃতীয়বার মিসরের মরুভূমিতে ভোরের আলোয় সোফিয়ার পূর্ণ এবং জ্যোতির্ময় রূপ দর্শন।

সলোভিয়ভের কাব্যশৈলী বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ার বিখ্যাত কবিদের যেমন, আলেকসান্দার ব্লক—এতটাই প্রভাবিত করেছিল যে তাঁরা নিজেদের ‘সলোভিয়বাদী’ বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তাঁর কবিতা থেকেই রুশ সাহিত্যে ‘সুন্দরী নারী’ বা দিব্য নারীসত্তার আরাধনা শুরু হয়। সলোভিয়ভের কবিতা পড়ার সময় মনে হয়, তিনি যেন এই পৃথিবীর কোনো ঘটনার বর্ণনা দিচ্ছেন না, বরং পর্দার আড়ালে থাকা অন্য এক সত্যের সংবাদ দিচ্ছেন।