মানুষ সামাজিক জীব। কথা বলা তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইসলাম শুধু কথা বলাকে অনুমোদনই দেয়নি, বরং কীভাবে কথা বলতে হবে, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনাও দিয়েছে। একজন মুমিনের কথাবার্তা তার চরিত্রের প্রতিচ্ছবি। তাই শুদ্ধ, মার্জিত ও দায়িত্বশীল ভাষা ব্যবহার করা ইমানি দাবির অন্তর্ভুক্ত। নিচে কুরআন ও হাদিসের আলোকে কথা বলার কিছু গুরুত্বপূর্ণ আদব তুলে ধরা হলো—
১. কথা বলার আগে সালাম দেওয়া
কথা শুরু করার আগে সালাম দেওয়া সুন্নাহ এবং বরকতময় আমল। আল্লাহ তাআলা বলেন, 'তোমরা যখন ঘরে প্রবেশ কর, তখন নিজেদের প্রতি সালাম দাও—এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও পবিত্র সম্ভাষণ।' (সুরা নুর: আয়াত ৬১) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা (নিজেদের মধ্যে) সালামের প্রসার ঘটাও।' (ইবনে মাজাহ ১৩৩৪)
২. সতর্কতার সঙ্গে কথা বলা
মানুষের প্রতিটি কথা লিপিবদ্ধ হচ্ছে—এই সচেতনতা কথাকে সংযত করে। আল্লাহ তাআলা বলেন, 'মানুষ যে কথাই উচ্চারণ করে, তা লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত প্রহরী রয়েছে।' (সুরা কাফ: আয়াত ১৮) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।' (বুখারি ও মুসলিম)
৩. সুন্দর ও উত্তমভাবে কথা বলা
সদালাপ মানুষের হৃদয় জয় করে। তাই কথা বলার সময় আন্তরিকতার সঙ্গে কথা বলা। আল্লাহ তাআলা বলেন, 'মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো।' (সুরা বাকারা: আয়াত ৮৩)
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা
অপ্রয়োজনীয় কথা ইমানের পরিপূর্ণতায় বাধা। তাই কথা বলার ক্ষেত্রে অনর্থক ও বাজে কথা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, 'মুমিনরা অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকে।' (সুরা মুমিনুন: আয়াত ৩) হাদিসে এসেছে, 'মানুষের উত্তম ইসলামের লক্ষণ হলো, সে অনর্থক বিষয় ত্যাগ করে।' (তিরমিজি)
৫. সংযত স্বরে কথা বলা
উচ্চস্বরে কথা বলা শোভন নয়। সুন্দর ভাষায় নিম্ন স্বরে কথা বলাই উত্তম। আল্লাহ তাআলা বলেন, 'তোমার কণ্ঠস্বর নীচু রাখো; নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট শব্দ হলো গাধার শব্দ।' (সুরা লুকমান: আয়াত ১৯) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে কোমলতা পছন্দ করেন।' (বুখারি ও মিশকাত)
৬. যাচাই করে কথা বলা
যা শুনে তাই বলে বেড়ানো ঠিক নয়। কারণ তা মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি। তাই অযাচাইকৃত তথ্য ছড়ানো সমাজে অস্থিরতা সৃষ্টি করে। সুতরাং কোনো কথা বলার আগে তা যাচাই করে বলা উত্তম। আল্লাহ তাআলা বলেন, 'হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ আনে, তবে তা যাচাই করে নাও।' (সুরা হুজুরাত: আয়াত ৬) হাদিসে এসেছে, 'মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটিই যথেষ্ট যে, সে যা শোনে তাই বলে বেড়ায়।' (মুসলিম)
৭. সঠিক কথা বলা
সত্য কথা বলা তাকওয়ার অংশ। সুতরাং কথা বলার সময় সত্য কথা বলা। আল্লাহ তাআলার ঘোষণা, 'হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।' (সুরা আহযাব: আয়াত ৭০-৭১) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা সত্যকে অবলম্বন কর, কারণ সত্য নেকির দিকে পরিচালিত করে।' (মুসলিম)
৮. নরম স্বরে কথা বলা
কোমল ভাষা মানুষের হৃদয় স্পর্শ করে। কোমল ভাষায় কঠিন কাজও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলার ঘোষণা, 'তোমরা তার সঙ্গে নম্রভাবে কথা বলো।' (সুরা ত্বহা: আয়াত ৪৪) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'কোনো বিষয়ে কোমলতা থাকলে তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে।' (মুসলিম)
৯. গায়রে মাহরামের সঙ্গে ভাষা সংযত রাখা
গায়রে মাহরামের সঙ্গে শালীনতা বজায় রাখা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, 'তোমরা কথা বলার ক্ষেত্রে কোমল ভঙ্গি অবলম্বন করো না (যাতে কুপ্রবৃত্তির লোক লালায়িত হয়)।' (সুরা আহযাব: আয়াত ৩২) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'লজ্জাশীলতা ঈমানের অংশ।' (বুখারি)
১০. মূর্খদের এড়িয়ে চলা
অজ্ঞদের সঙ্গে তর্কে না জড়ানোই উত্তম। আল্লাহ তাআলা বলেন, 'মূর্খরা তাদের সম্বোধন করলে তারা বলে, সালাম।' (সুরা ফুরকান: আয়াত ৬৩) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'শক্তিশালী সেই নয়, যে কুস্তিতে জেতে; বরং শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে।' (বুখারি)
কথা মানুষের অন্তরের প্রতিচ্ছবি। একটি সুন্দর বাক্য যেমন হৃদয় জয় করতে পারে, তেমনি একটি কটু কথা সম্পর্ক নষ্ট করতে পারে। তাই একজন মুমিনের উচিত কথা বলার আগে চিন্তা করা—এটি কি সত্য, উপকারী এবং সুন্দর? কুরআন ও হাদিসের এই দিকনির্দেশনা মেনে চললে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক পরিবেশ এবং সমাজ—সবই হয়ে উঠবে শান্তিময় ও কল্যাণকর।



