পবিত্র মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাত্রার আগে হজযাত্রীদের পারমিট বা অনুমোদনের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদিত হজ পারমিট সঙ্গে রাখা বাধ্যতামূলক। মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজে অংশগ্রহণের সুযোগ নেই—এ নীতি মেনে চলাই নিরাপদ ও নির্বিঘ্ন হজ সম্পাদনের প্রধান শর্ত।
নিয়ম মেনে চলার গুরুত্ব
রোববার (২৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নির্ধারিত নিয়ম অনুসরণ করলে হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। এতে হজ মৌসুমে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। মন্ত্রণালয়ের মতে, হজ পারমিট ব্যবস্থাপনা ভিড় নিয়ন্ত্রণ এবং পবিত্র স্থানগুলোতে যাত্রীদের সুষম বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলো নির্দিষ্ট সময় ও স্থানে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সক্ষম হয়।
কঠোর আইনি ব্যবস্থার সতর্কতা
বিধিনিষেধ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়া বিজ্ঞাপন ও লাইসেন্সবিহীন হজ কাফেলা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজযাত্রীদের আগেভাগেই সচেতন করতে কাজ করছে সৌদি সরকার, যাতে তারা নিজ দেশ থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।



