আর মাত্র কিছুদিনের মধ্যেই ১৪৪৭ হিজরি সালের হজ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। সেখানে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। জানা যায়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।
মৃত হজযাত্রীদের পরিচয়
আরও জানা যায়, ২১ এপ্রিল প্রথম মারা যান জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল। এরপর ২২ এপ্রিল মারা যান টাঙ্গাইলের মো. আবুল কাশেম। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
এ বছর হজের অনুমতি
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।



