রাস্তায় নামাজ আদায়ের বিধান: জেনে নিন ইসলাম কী বলে
রাস্তায় নামাজ আদায়ের বিধান: ইসলাম কী বলে জেনে নিন

নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত এবং মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু। ইসলাম পৃথিবীকে মানুষের জন্য ইবাদতের উপযোগী করে দিয়েছে, তাই মুসলমানরা মসজিদ ছাড়াও ঘর, কর্মস্থল, খোলা মাঠ বা সফরের পথে নামাজ আদায় করতে পারেন। তবে কিছু স্থান আছে যেখানে নামাজ আদায়কে শরিয়ত অপছন্দনীয় বা অনুপযুক্ত মনে করে। চলাচলের রাস্তা তার অন্যতম, কারণ সেখানে নামাজ আদায় করলে অন্যদের অসুবিধা হতে পারে।

পৃথিবীজুড়ে ইবাদতের সুযোগ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সমগ্র পৃথিবীকে আমার জন্য সিজদার স্থান ও পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে।’ (বুখারি ৪৩৮, মুসলিম ৫২১) অপবিত্রতা বা শরিয়তবিরোধী কোনো কারণ না থাকলে মুসলমান প্রায় যেকোনো স্থানে নামাজ আদায় করতে পারেন।

যেসব স্থানে নামাজ নিষিদ্ধ বা অনুপযুক্ত

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সাতটি স্থানে নামাজ আদায় করতে নিষেধ করেছেন: ১. ময়লা ফেলার স্থান, ২. কসাইখানা, ৩. কবরস্থান, ৪. চলাচলের রাস্তা, ৫. গোসলখানা, ৬. উটের আস্তাবল, ৭. বায়তুল্লাহর ছাদ। (তিরমিজি ৩৪৬) ফকিহদের মতে, এসব স্থানে নিষেধাজ্ঞার কারণ অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, শিরকের আশঙ্কা বা মানুষের অসুবিধা সৃষ্টি হওয়া।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলাচলের রাস্তায় নামাজের বিধান

মানুষের চলাচলের জন্য নির্ধারিত রাস্তায় নামাজ আদায় করলে স্বাভাবিক যাতায়াতে বিঘ্ন ঘটে। তাই বিকল্প স্থান থাকা সত্ত্বেও রাস্তায় নামাজ আদায় করা শরিয়তসম্মত নয়। ইসলামের মৌলিক নীতি হলো, ‘নিজে ক্ষতির শিকার হওয়া যাবে না এবং অন্যের ক্ষতির কারণও হওয়া যাবে না।’ (ইবনে মাজাহ ২৩৪১) অতএব, এমনভাবে নামাজ আদায় করা উচিত নয় যাতে মানুষের চলাচল ব্যাহত হয়।

জুমা ও ঈদের নামাজে ব্যতিক্রম

জুমা ও ঈদের নামাজে মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় মসজিদে জায়গার সংকুলান হয় না। এমন পরিস্থিতিতে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায়ের অনুমতি রয়েছে, তবে কিছু শর্ত পালন করতে হবে:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • প্রথমে মসজিদের ভেতরে নামাজ আদায়ের চেষ্টা করতে হবে।
  • মসজিদে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও রাস্তায় নামাজ আদায় করা যাবে না।
  • রাস্তায় দাঁড়ালে পথচারীদের চলাচলের জন্য কিছু জায়গা খালি রাখতে হবে।
  • জুমার ফরজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা ছেড়ে দিতে হবে।
  • সুন্নত, নফল নামাজ বা জিকিরের জন্য রাস্তা আটকে রাখা যাবে না।
  • ঈদের নামাজ শেষে দ্রুত রাস্তা খালি করে দিতে হবে।
  • খুতবা শুনতে মসজিদে প্রবেশ করতে হবে বা রাস্তার পাশে অবস্থান করতে হবে।

আলেমদের ফতোয়া

ভারতের নদওয়াতুল উলামার দারুল ইফতা থেকে দেওয়া ফতোয়ায় বলা হয়েছে, বিকল্প জায়গা না পাওয়ার কারণে রাস্তায় জুমার নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে। তবে আগে অন্য মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে। সেখানেও জায়গা না পেলে কেবল জুমার দুই রাকাত ফরজ আদায় করা যাবে; সুন্নত ও নফল অন্য স্থানে পড়তে হবে।

কুরআনের নির্দেশনা

আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহর জন্য। অতএব তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে আহ্বান করো না।’ (সুরা আল-জিন: ১৮) এই আয়াত ইবাদতের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার শিক্ষা দেয়। নামাজের জন্য এমন স্থান নির্বাচন করতে হবে যা ইবাদতের মর্যাদা রক্ষা করে এবং মানুষের কষ্টের কারণ হয় না।

ইসলাম নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, পাশাপাশি মানুষের অধিকার ও জনস্বার্থের প্রতিও সমান গুরুত্ব দেয়। তাই সাধারণ অবস্থায় রাস্তায় নামাজ থেকে বিরত থাকা উচিত। তবে জুমা বা ঈদের মতো বিশেষ পরিস্থিতিতে, যখন বিকল্প নেই, তখন প্রয়োজনের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়েছে। শর্ত হলো, মানুষের চলাচলে অযথা বিঘ্ন সৃষ্টি না করা এবং নামাজ শেষে দ্রুত রাস্তা খালি করে দেওয়া। ইসলামের সৌন্দর্য ইবাদত ও সামাজিক দায়িত্বের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায়।