চরকি কার্নিভ্যালে পুরস্কার, আলোচনা ও তারকাদের মিলনমেলা
চরকি কার্নিভ্যালে পুরস্কার ও তারকাদের মিলনমেলা

চরকি কার্নিভ্যালের দ্বিতীয় আসর দিনভর উৎসবের আবহে অনুষ্ঠিত হয়েছে। সকালে অভিনয়ের মাস্টারক্লাস, বিকেলে বাংলা সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা, আর সন্ধ্যায় লালগালিচায় তারকাদের পদচারণা ও পুরস্কার বিতরণী—সব মিলিয়ে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রাণবন্ত হয়ে ওঠে।

লালগালিচায় তারকাদের মেলা

সন্ধ্যা ছয়টায় ইন্টারকন্টিনেন্টালের লালগালিচায় একে একে হাজির হন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, জয়া আহসান, আরিফিন শুভ, আফরান নিশো, সাফা কবির, আয়মান সাদিক, আরিফিন জিলানী–ঐশী, আনিকা কবির শখ, কনা, শাহেদ আলী–দীপা খন্দকার, আফসান আরা বিন্দুসহ দেশের চলচ্চিত্র ও ওটিটির জনপ্রিয় মুখরা। নতুন প্রজন্মের শিল্পীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

পুরস্কার বিতরণী

সন্ধ্যা সাতটায় শুরু হয় চরকি অ্যাওয়ার্ডস। শুরুতে মুবাশশীরা কামাল ইরার কোরিওগ্রাফিতে 'নবরস' নৃত্য পরিবেশিত হয়। এরপর বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিং দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিন আবসার ও রাফসান সাবাব। একে একে ঘোষণা করা হয় ২০২৩ ও ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস ও ক্রিটিকস চয়েস বিভাগের বিজয়ীদের নাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ সম্মাননা কারিনা কায়সারকে

প্রয়াত অভিনেত্রী, লেখক ও নির্মাতা কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহারের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, '৩৬–২৪–৩৬' চলচ্চিত্রের জন্য সাবস্ক্রাইবারস চয়েস ও ক্রিটিকস চয়েস—দুই বিভাগেই মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার। কিন্তু তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চরকির স্বপ্ন

রেদওয়ান রনি বলেন, 'বাংলা কনটেন্টের রাজধানী হবে চরকি—এই লক্ষ্য পূরণে আমরা কাজ করে যাচ্ছি।' তিনি জানান, পাঁচ বছরে চরকির প্রিমিয়াম কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা। প্ল্যাটফর্মটিতে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা তিন কোটির বেশি। ইতিমধ্যে শতাধিক অরিজিনাল কনটেন্ট প্রকাশ করেছে চরকি।

দিনভর আয়োজন

সকাল সাড়ে ১০টায় অভিনেতা তারিক আনাম খানের মাস্টারক্লাসে ৩৪ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ নেন। বিকেলে 'দ্য রাইজ, রিয়েলিটিজ অ্যান্ড রিইনভেনশন অব বেঙ্গলি সিনেমা' শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন। সঞ্চালনায় ছিলেন সাদিয়া খালিদ রীতি। আলোচনায় উঠে আসে ফেসবুক রিলস ও ইউটিউব শর্টসের যুগে দীর্ঘদৈর্ঘ্যের সিনেমার ভবিষ্যৎ, দর্শকের মনোযোগ, গল্প বলার ধরন, ওটিটির সম্ভাবনা এবং আগামী দিনের বাংলা সিনেমা।

বিজয়ীদের তালিকা

সাবস্ক্রাইবারস চয়েজ ২০২৩

  • সেরা সিনেমা: 'সুড়ঙ্গ'
  • সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা): আরিফিন শুভ, 'উনিশ২০'
  • সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা): আফসান আরা বিন্দু, 'উনিশ২০'
  • সেরা সিরিজ: 'মাইশেলফ অ্যালেন স্বপন'
  • সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ): নাসির উদ্দিন খান, 'মাইশেলফ অ্যালেন স্বপন'
  • সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ): সাবিলা নূর, 'মারকিউলিস'
  • সেরা গান: 'গা ছুঁয়ে বলো' (কণ্ঠ: তানজীব সরোয়ার ও অবন্তী সিঁথি)

ক্রিটিক চয়েজ ২০২৩

  • সেরা পরিচালক (সিনেমা): রায়হান রাফী, 'সুড়ঙ্গ'
  • সেরা গল্প ও চিত্রনাট্য (সিনেমা): আশরাফুল আলম শাওন ও অনম বিশ্বাস, 'দুই দিনের দুনিয়া'
  • সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা): আফরান নিশো, 'সুড়ঙ্গ'
  • সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা): নাজিয়া হক অর্ষা, 'জাহান'
  • সেরা পরিচালক (সিরিজ): শঙ্খ দাশগুপ্ত, 'গুটি'
  • সেরা গল্প ও চিত্রনাট্য (সিরিজ): রবিউল আলম রবি, শঙ্খ দাশগুপ্ত, জাহীন ফারুক আমিন, আবু সাঈদ রানা, 'গুটি'
  • সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ): নাসির উদ্দিন খান, 'মাইশেলফ অ্যালেন স্বপন'
  • সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ): আজমেরী হক বাঁধন, 'গুটি'
  • সেরা চিত্রগ্রাহক: সুমন সরকার, 'সুড়ঙ্গ'
  • সেরা সম্পাদক: সালেহ সোবহান অনীম, 'ক্যাফে ডিজায়ার', 'গুটি'
  • সেরা মেকআপ আর্টিস্ট: আতিয়া রহমান, 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি', 'দুই দিনের দুনিয়া', 'মাইশেলফ অ্যালেন স্বপন', 'ভাইরাস'
  • সেরা কস্টিউম ডিজাইনার: বিজয়া রত্নাবলী, 'গুটি'
  • সেরা আবহসংগীত: ইমন চৌধুরী, 'দুই দিনের দুনিয়া', 'মারকিউলিস'
  • সেরা সাউন্ড ডিজাইন: রিপন নাথ, 'দুই দিনের দুনিয়া', 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি', 'সুড়ঙ্গ', 'মাইশেলফ অ্যালেন স্বপন'
  • সেরা শিল্পনির্দেশক: শহীদুল ইসলাম, 'সুড়ঙ্গ'
  • চরকি পাওয়ার হাউস অব টুমোরো: মাশা ইসলাম, 'টেকা পাখি'

সাবস্ক্রাইবারস চয়েজ ২০২৪

  • সেরা সিনেমা: 'কাছের মানুষ দূরে থুইয়া'
  • সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা): শাকিব খান, 'তুফান'
  • সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা): মাসুমা রহমান নাবিলা, 'তুফান'
  • সেরা সিরিজ: 'আধুনিক বাংলা হোটেল'
  • সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ): মোশাররফ করিম, 'আধুনিক বাংলা হোটেল'
  • সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ): জয়া আহসান, '২ষ'
  • সেরা গান: 'লাগে উড়া ধুরা' (কণ্ঠ: প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা)

ক্রিটিক চয়েজ ২০২৪

  • সেরা পরিচালক: রবিউল আলম রবি, 'ফরগেট মি নট'
  • সেরা গল্প ও চিত্রনাট্য: আল–আমিন হাসান নির্ঝর, রবিউল আলম রবি, 'ফরগেট মি নট'
  • সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা): প্রীতম হাসান, 'কাছের মানুষ দূরে থুইয়া'
  • সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা): মেহজাবীন চৌধুরী, 'ফরগেট মি নট'
  • সেরা পরিচালক (সিরিজ): মোহাম্মদ তাওকীর ইসলাম, 'সিনপাট'
  • সেরা গল্প ও চিত্রনাট্য (সিরিজ): নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান, '২ষ'
  • সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ): এফ এস নাইম, 'কালপুরুষ'
  • সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ): জিন্নাত আরা, 'সিনপাট'
  • সেরা চিত্রগ্রাহক: তাহসিন রহমান, 'তুফান'
  • সেরা সম্পাদক: সালেহ সোবহান অনীম, 'কালপুরুষ', 'ফরগেট মি নট'
  • সেরা মেকআপ আর্টিস্ট: রুবামা ফাইরুজ, 'কালপুরুষ', '৩৬–২৪–৩৬'
  • সেরা কস্টিউম ডিজাইনার: সাথী আকতার, 'সিনপাট'
  • সেরা আবহসংগীত: খৈয়াম সানু সন্ধি, 'কাছের মানুষ দূরে থুইয়া', '৩৬–২৪–৩৬'
  • সেরা সাউন্ড ডিজাইনার: অদীপ সিং মানকি, 'সিনপাট', 'কালপুরুষ'
  • সেরা শিল্পনির্দেশক: শিহাব নূরুন নবী, 'কালপুরুষ', 'তুফান'
  • চরকি পাওয়ার হাউস অব টুমোরো: রিজভী রিজু, '২ষ'

চরকি কার্নিভ্যাল শুধু পুরস্কার বিতরণী ছিল না; এটি ছিল বাংলাদেশের ওটিটি অঙ্গনের শিল্পী, নির্মাতা, প্রযুক্তিকর্মী, লেখক ও দর্শকদের এক মিলনমেলা। সকাল থেকে রাত পর্যন্ত শেখা, আলোচনা, আড্ডা, ছবি তোলা, পুরস্কার আর উদযাপনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনব্যাপী আয়োজন।