ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এর একটি দৃশ্যে অভিনেতা আ খ ম হাসান। ছবিটি পরিচালকের সৌজন্যে। ‘এভাবেও ফিরে আসা যায়’—অভিনেতা আ খ ম হাসানের একটি ছবি পোস্ট করে বাংলা নাটক ফেসবুক গ্রুপে এমন মন্তব্য করেছেন একজন দর্শক। ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাওয়া ওয়াহিদ আনাম পরিচালিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এর। এতে ‘ভুনা ভাই’ চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। চরিত্রটি দর্শকদের কাছ থেকে বিশেষ প্রশংসা পাচ্ছে।
দ্বিতীয় ইনিংসের অনুভূতি
ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এর পোস্টারে আ খ ম হাসান। এসব প্রশংসা আ খ ম হাসানেরও নজরে এসেছে। তিনি বলেন, ‘এত এত ফোন আগে কোনো কাজে পাইনি। ফেসবুকেও অনেকেই লিখেছেন। মনে হচ্ছে যেন দ্বিতীয় ইনিংস শুরু করেছি। আমার দর্শক তো ইউটিউব আর টেলিভিশনে, সেখানে ওটিটির দর্শকের এ ভালোবাসায় প্রমাণ হয় আমি হয়তো ভালো অভিনয় করেছি।’
আসন্ন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’
২২ জুন চরকিতে মুক্তি পাবে ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এ ওয়েব ফিল্মেও আ খ ম হাসানকে দেখা যাবে। চরিত্রটি খোলাসা না করলেও কাজটি নিয়ে এই অভিনেতা বলেন, ‘এখানেও দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন। ভালো লাগার বিষয় হলো, নির্মাতা বলেছেন, তিনি আমাকে চিন্তা করেই চরিত্রটা লিখেছেন। একজন অভিনেতার জন্য এটা অনেক বড় পাওয়া।’
‘লাইফলাইন’ এ আ খ ম হাসান। ছবি: অভিনেতার ফেসবুক। ওটিটিতে কাজ দারুণ উপভোগ করছেন আ খ ম হাসান। তিনি বলেন, ‘মঞ্চ থেকে টেলিভিশন, ইউটিউবে কাজ করেছি। এখন ওটিটির নির্মাতারা ডাকছেন। অনেক তরুণ ওটিটির নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা টেকনিক্যাল দিক দিয়ে অনেক বেশি পড়াশোনা করা। আর কাজের ক্ষেত্রে ওটিটিতে বাজেট বেশি। নির্মাতারা প্রতিটি দৃশ্য ধরে ধরে কাজ করেন। অন্য কাজের তুলনায় পরিশ্রম অনেক বেশি (হাসি)।’



