দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতার জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। অথচ সেখানেই নাকি 'অপ্রীতিকর' পরিস্থিতির মুখে পড়েছেন তিনি ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। মঙ্গলবার (১৬ জুন) সকালে খবরটি চাউর হয় সামাজিক মাধ্যমে। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে।
ঘটনার বিবরণ
জানা যায়, প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে জাওয়াদ লেখেন, কলকাতায় অভিনেতা মোশারফ করিমের উপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশারফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশারফ করিমকে 'লাল বদর' বলে গালিগালাজ করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশারফ করিমের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।
অভিনেতার বক্তব্য
এদিকে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি। গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’
ব্যক্তিগত সফর
জানা গেছে, কোনো পেশাগত ব্যস্ততা বা শুটিংয়ের জন্য নয়, শুধু ব্যক্তিগত অবকাশ যাপনে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই। আগামী তিন-চারদিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।



