বলিউডের 'ক্যুইন' খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত পুণে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যহীন জীবনযাত্রা ও আধুনিক ডেটিং সংস্কৃতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, 'হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, বেঞ্চিং, ঘোস্টিং, ডাবল/ট্রিপল ডিজিট বডি কাউন্ট, ক্র্যাম্বিং, সিয়িং, টেস্টিং, ফিল্টার, স্টোরিজ, মাদক, ক্লাব, পার্টি এসবের পরও তরুণদের আনন্দ যে পরিপূর্ণ হয় না।'
ডিজিটাল ফাঁদ থেকে সতর্কতা
কঙ্গনা তরুণদের ডিজিটাল দুনিয়ার ফাঁদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে লেখেন, 'আবেগ থাকা উচিত, কিন্তু সেটা নিজের ক্যারিয়ার বা জীবনে সাফল্য অর্জনের লক্ষ্যে। তরুণ প্রজন্মকে বলতে চাই, নিজেদের শক্তি, ভাবনাকে গঠনমূলক কাজে ব্যবহার করো। খোলা মনে ভাবো কিন্তু রক্ষণশীল জীবনযাপন করো। তাহলে জেল, একঘেয়েমি, নেতিবাচকতা, অবসাদসহ অনেক সমস্যার হাত থেকে নিজেকে দূরে রাখতে পারবে।'
পরিবারের ভূমিকা নিয়ে বক্তব্য
অভিনেত্রী আরও বলেন, 'এখনকার দিনে শুধু কোনও পরিবারের পরিবেশ বা মা-বাবাকে দেখে সন্তানদের মূল্যবোধ সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হল, কে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে? বা তারা কার সঙ্গে সময় কাটাচ্ছে? ওদের জীবনে স্যোশাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তাই বা কী ধরনের প্রভাব ফেলছে? এগুলো দেখা উচিত।'
সন্তানের কুকর্মে পরিবারকে দায়ী না করার আহ্বান
পরিশেষে তিনি বলেন, 'বাবা-মাকে দোষারোপ করা যায় না। কারণ মানুষ এখন সমান্তরালে একাধিকভাবে জীবন যাপন করতে অভ্যস্ত। খুব সতর্কতার সঙ্গে সমাজের কাছে নিজেদের একটি কাঙ্ক্ষিত ভাবমূর্তি গড়ে তোলে। কারণ তাদের কাছে নিজের অনুভূতির চেয়ে সমাজ তাদের কোন চোখে দেখছে? সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাই সন্তানদের কুকর্মের জন্য পরিবারকে দায়ী করা উচিত নয়।'



