বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে চরকি অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসর। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালের চরকির অরিজিনাল চলচ্চিত্র ও সিরিজের সেরা নির্মাতা, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দর্শক ভোটে সেরা অভিনেতা ও অভিনেত্রী
বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনে দর্শক ভোটে (সাবস্ক্রাইবারস চয়েস) ২০২৪ সালের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান। ‘তুফান’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। একই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন মাসুমা রহমান নাবিলা, ‘তুফান’ সিনেমার জন্যই। সেরা সিনেমা হয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’। এই সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন মোশাররফ করিম। অন্যদিকে ‘২ষ’ সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘লাগে উড়া ধুরা’।
২০২৩ সালের সাবস্ক্রাইবারস চয়েস
একই অনুষ্ঠানে ২০২৩ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’। ‘উনিশ২০’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আরিফিন শুভ এবং একই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আফসান আরা বিন্দু। সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এতে অভিনয়ের জন্য নাসির উদ্দিন খান সেরা অভিনেতা এবং ‘মারকিউলিস’-এ অভিনয়ের জন্য সাবিলা নূর সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ওই বছরের সেরা গান নির্বাচিত হয়েছে ‘গা ছুঁয়ে বলো’।
সমালোচক নির্বাচিত বিভাগে পুরস্কার
সমালোচক নির্বাচিত (ক্রিটিক চয়েজ) বিভাগে ২০২৪ সালের সেরা পরিচালক হয়েছেন রবিউল আলম রবি, ‘ফরগেট মি নট’-এর জন্য। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন প্রীতম হাসান। সিরিজ বিভাগে ‘সিনপাট’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন মোহাম্মদ তাওকীর ইসলাম, সেরা অভিনেত্রী জিন্নাত আরা এবং ‘কালপুরুষ’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন এফ এস নাইম।
২০২৩ সালের ক্রিটিক চয়েজ বিভাগে ‘সুড়ঙ্গ’-এর জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রায়হান রাফী। একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো। ‘জাহান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিয়া হক অর্ষা। সিরিজ বিভাগে ‘গুটি’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন শঙ্খ দাশগুপ্ত। একই সিরিজে অভিনয়ের জন্য আজমেরী হক বাঁধন সেরা অভিনেত্রী এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর জন্য নাসির উদ্দিন খান সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।
বিশেষ সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজন
এবারের আয়োজনে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা জানানো হয়। তার বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহারের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সন্ধ্যা ৬টা থেকে রেড কার্পেটের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। সেখানে দেশের চলচ্চিত্র, নাটক ও ওটিটি অঙ্গনের জনপ্রিয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা অংশ নেন। মূল অনুষ্ঠান শুরু হয় নৃত্য পরিবেশনার মাধ্যমে। পরে ছিল অ্যাকাপেলা ও বিটবক্সিং পরিবেশনা।
চরকির সাফল্যের তথ্য
অনুষ্ঠানে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে চরকিকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, পাঁচ বছরে চরকির প্রিমিয়াম কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটিরও বেশি ঘণ্টা। প্ল্যাটফর্মটিতে তিন কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী যুক্ত হয়েছেন এবং দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে একশটির বেশি অরিজিনাল কনটেন্ট। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী ছিল অভিনয়ের মাস্টারক্লাস, বাংলা সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনা এবং নানা সাংস্কৃতিক আয়োজন। অভিনয়ের মাস্টারক্লাস পরিচালনা করেন গুণী অভিনেতা তারিক আনাম খান। আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন।



