বেন লার্নার ও কারেন বার্টলেট পেলেন অরওয়েল পুরস্কার
বেন লার্নার ও কারেন বার্টলেটের অরওয়েল জয়

মার্কিন লেখক বেন লার্নারের ‘ট্রান্সক্রিপশন’ ও ব্রিটিশ লেখক কারেন বার্টলেটের ‘দ্য এস্কেপ ফ্রম কাবুল’ এ বছর অরওয়েল পুরস্কারের যথাক্রমে ফিকশন ও নন-ফিকশন বিভাগে বিজয়ী হয়েছে। জর্জ অরওয়েলের দর্শন ‘রাজনৈতিক লেখাকে শিল্পে পরিণত করা’-কে সামনে রেখেই এই পুরস্কার দেওয়া হয়। বিজয়ীরা প্রত্যেকে পেয়েছেন পাঁচ হাজার পাউন্ড।

বেন লার্নারের ‘ট্রান্সক্রিপশন’

‘ট্রান্সক্রিপশন’–এর প্রথম অংশে দেখা যায়, এক জার্মান বুদ্ধিজীবী থমাসের কাছে উপন্যাসের কথক শেষবারের মতো সাক্ষাৎকার নিতে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে যান। কিন্তু হোটেল কক্ষে তার মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ায় কোনো কথোপকথন রেকর্ড করা সম্ভব হয় না। বিষয়টি গোপন রেখেই তিনি সাক্ষাৎকার চালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে প্রযুক্তিনির্ভরতা, স্মৃতি ও মানবিক যোগাযোগের প্রশ্নগুলোকে অনুসন্ধান করেছেন লার্নার।

ফিকশন বিভাগের বিচারক প্যানেলের চেয়ারম্যান ফিয়ামেত্তা রক্কো বলেন, “নতুন প্রযুক্তির প্রতি মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষার এক সূক্ষ্ম বিশ্লেষণ ‘ট্রান্সক্রিপশন’। উপন্যাসটি ক্ষুধা, ভালোবাসা ও সম্পর্ক নিয়ে আমরা নিজেদের যে গল্প বলি, তার নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে। একই সঙ্গে মর্যাদার সঙ্গে মৃত্যুবরণ ও নতুন এক পৃথিবীতে বেড়ে ওঠারও গল্প। উপন্যাসটি বুদ্ধিদীপ্ত, রসাত্মক ও অত্যন্ত সমসাময়িক।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারেন বার্টলেটের ‘দ্য এস্কেপ ফ্রম কাবুল’

‘দ্য এস্কেপ ফ্রম কাবুল’ বইয়ে কারেন বার্টলেট প্রায় ২০০ জন আফগান নারী বিচারক ও তাদের পরিবারের দুঃসাহসিক ও শ্বাসরুদ্ধকর উদ্ধারের সত্য ঘটনা তুলে ধরে। আন্তর্জাতিক নারী বিচারক সংস্থা ও বিশ্বব্যাপী আইনজীবীদের সহায়তায় তারা কীভাবে তালেবানের হাত থেকে পালিয়ে নতুন জীবন শুরু করেছিলেন, বইটি তারই এক মর্মস্পর্শী দলিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নন-ফিকশন বিভাগে বিজয়ী ‘দ্য এস্কেপ ফ্রম কাবুল’–এর প্রশংসা করে বিচারক রোহান সিলভা বলেন, “আফগানিস্তানের সাহসী নারী বিচারকদের করুণ ও সংগ্রামী বাস্তবতা এই বইয়ে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে উঠে এসেছে। এটি ইতিবাচক অর্থেই একেবারে অরওয়েলীয় রচনা।”