ভিউ বাণিজ্য ও রাজনৈতিক সংকটে শিল্পের সর্বনাশ: মামুনুর রশীদ
নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, "ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি। একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি।"
তৌকির আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে সেমিনার
জনপ্রিয় অভিনেতা, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ বক্তব্য দেন। আজ (১৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে 'আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়' শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
মতপ্রকাশের স্বাধীনতার অভাব
সেমিনারে মামুনুর রশীদ আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং অসংকোচে নিজেকে প্রকাশ করার সৌভাগ্য বাংলাদেশের শিল্পীদের হয়নি। "একটা দেশে গণতান্ত্রিক বিকাশ হয়ে যাওয়ার পর, আমাদের পাশের দেশ ভারত বা উন্নত দেশের কথা যদি ভাবি, সেখানে শিল্পীরা নিজেদের অসংকোচে প্রকাশ করে। কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসেনি। এর মধ্য দিয়েই তৌকিরের বেড়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। শুধু তৌকির নয়, তার সমসাময়িক শিল্পীরাও অনেক কষ্ট করে বেড়ে উঠেছেন।"
শিল্পীদের সম্মান বৃদ্ধির আহ্বান
তিনি আরও বলেন, "অনেকে মনে করেন শিল্পীরা অনেক বোহেমিয়ান, অনেক খেলো। অনেক শিল্পী আছেন যারা মেধাবী নন। কিন্তু তৌকির ভাইয়ের মতো মানুষ যত বেশি থাকবেন, তত আমাদের এই সেক্টরের সবার সম্মান আরও বাড়বে।"
অন্যান্য বক্তা ও অনুষ্ঠান
সেমিনারে আরও বক্তব্য দেন অভিনেতা আফজাল হোসেন, আজিজুল হাকিম, মীর সাব্বির, দীপা খন্দকার, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। সেমিনার উপলক্ষে তৌকির আহমেদের সিনেমা নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা এবং টেলিভিশনে তার সৃজনকর্ম নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান। একাডেমির মূল হলে তৌকির আহমেদ নির্মিত চলচ্চিত্র 'অজ্ঞাতনামা' প্রদর্শিত হবে। সন্ধ্যায় তার নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক 'তীর্থযাত্রী' মঞ্চস্থ হবে।



