বলিউড ছাড়ার কারণ উন্মোচন করলেন প্রিয়াঙ্কা চোপড়া: 'নোংরামির মধ্যে থাকতে চাইনি'
বলিউড ছাড়ার কারণ উন্মোচন করলেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ছাড়ার গোপন কারণ উন্মোচন করলেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের সাফল্যের শিখরে থাকা অবস্থায় হঠাৎ করেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন পর তিনি এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি 'নট স্কিনি বাট নট ফ্যাট' নামের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলিউড ছাড়ার নেপথ্য কাহিনি শোনান।

নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া পডকাস্টে বলিউডের ভেতরের নোংরা রাজনীতি এবং নিজেকে কোণঠাসা করে ফেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, 'আমি আসলে এমন একজন মানুষ যে পচা আবর্জনার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না। কারণ বেশিদিন সেখানে থাকলে আপনি সেই গন্ধে অভ্যস্ত হয়ে যাবেন। আমি দীর্ঘক্ষণ কোনো নোংরামির মধ্যে থাকতে চাইনি।'

তিনি আরও যোগ করেন, 'জীবন সব সময় সহজ পথে চলে না। আমাদের সবার জীবনেই কিছু লড়াই থাকে। যখন সময় কঠিন হয়ে পড়ে, তখন আমাদের উচিত নিজেকে গুছিয়ে নিয়ে নতুন পথে চলা।' প্রিয়াঙ্কা তার ক্যারিয়ারে বহুবার এমন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন বলে জানান।

হলিউডে যাওয়ার পথ সহজ ছিল না

হলিউডে পাড়ি দেওয়ার সিদ্ধান্তটিও প্রিয়াঙ্কার জন্য সহজ ছিল না। তিনি ব্যাখ্যা করেন যে সে সময় বিশ্বমঞ্চে ভারতীয়দের উপস্থিতি খুবই সীমিত ছিল। আমেরিকার পপ সংস্কৃতিতে মিন্ডি কেলিং বা ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়া অন্য ভারতীয় মুখ দেখা যেত না বলেই তার মন্তব্য।

এই অভাববোধ এবং নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ করার তাগিদই তাকে অজানার পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল। প্রিয়াঙ্কা বলেন, 'হলিউডে যাওয়ার সময় আমার সামনে কোনো নিশ্চিত পথ বা উদাহরণ ছিল না। আমি শুধু জানতাম আমি কঠোর পরিশ্রমী এবং নিজের কাজটা জানি।'

আত্মবিশ্বাসই ছিল মূল হাতিয়ার

নিজের আত্মবিশ্বাসের কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা উল্লেখ করেন যে তিনি যে কোনো পরিচালক বা সহ-অভিনেতার সামনে সমানে সমানে পাল্লা দিতে পারবেন এই বিশ্বাস তার ছিল। এই আত্মবিশ্বাসই তাকে কোনো দ্বিধা না করেই নতুন পথে বেরিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল।

প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকারে উঠে এসেছে বলিউডের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং একজন শিল্পীর ব্যক্তিগত সংগ্রামের গল্প। তার মতে, কষ্ট পাওয়া বা শোক করা স্বাভাবিক, কিন্তু তারপরই সব ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে হয়। এই দর্শনই তাকে বলিউড থেকে হলিউডে যাত্রায় সাহস যুগিয়েছে।