দেশের প্রখ্যাত নাট্যজন আতাউর রহমান বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
মেয়ের বক্তব্য
শর্মিষ্ঠা রহমান কম্পিত কণ্ঠে বলেন, “বাবার অবস্থা খুব একটা ভালো নয়, মিরাকল কিছু না ঘটলে আমরা খুব বেশি আশা করতে পারছি না। ডাক্তাররাও আশা দেখাচ্ছেন না। তিনি লাইফ সাপোর্টে আছেন।”
তিনি আরও জানান, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে সেখানে আইসিইউ সুবিধা না থাকায় তাঁকে পরে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা উন্নতি দেখা দিলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও আবার অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আতাউর রহমানের পরিচিতি
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আতাউর রহমান এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই গুণী শিল্পী স্বাধীনতাউত্তর মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যজগতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।



