জিতের রাজনীতিতে নাম লেখানোর জল্পনা তুঙ্গে
জিতের রাজনীতিতে নাম লেখানোর জল্পনা তুঙ্গে

টালিউড সুপারস্টার জিৎ ক্যারিয়ারে বরাবরই নিজের কাজ ও ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ থেকেছেন। রাজনৈতিক মঞ্চ থেকেও বজায় রেখেছেন দূরত্ব। কোনো দলীয় প্রচার বা সভায় তাকে এতদিন দেখা যায়নি। তবে এই তারকার সাম্প্রতিক কিছু কার্যক্রমের ফলে তিনি রাজনীতিতে নাম লেখাবেন কিনা তা নিয়ে নেটপাড়ায় ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

বিধানসভা নির্বাচনে জিতের মন্তব্য

বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিৎ মন্তব্য করেছিলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে...’। আর ৪ তারিখ ফলাফল প্রকাশের দিন টালিউডের তিনিই প্রথম, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা গেল তাকে।

শপথ অনুষ্ঠানে জিতের উপস্থিতি

শুক্রবার (৮ মে) ভিআইপি নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায় জিৎকে। এদিন কলকাতার ব্রিগেড ময়দানে শপথ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন টালিউডের ‘বস’ খ্যাত এই অভিনেতা। অনুষ্ঠানে তার উপস্থিতি ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেখানকার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার তিনিও গায়ে রাজনীতির রং লাগাবেন?

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে জিতের পোস্ট

বিধানসভা নির্বাচনে ওপার বাংলায় গেরুয়া শিবিরের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ৫ মে ফেসবুকে বিজেপিকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন জিৎ। সেই পোস্টে অভিনেতা লিখেছিলেন, ‘বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।’ এসব থেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছে অনেকেই। তবে রাজনীতিতে যোগ দেওয়া বা নির্বাচনে দাঁড়ানো নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি টালিউড সুপারস্টার। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ