বলিউডের তিন খানের মধ্যে শেষ পর্যন্ত আমির খানের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন শ্রদ্ধা কাপুর। দীর্ঘদিন ধরে শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে কাজের অপূর্ণতা ছিল তাঁর। তবে এবার সেটি পূরণ হতে যাচ্ছে। আলোচিত ভারতীয় ব্যবসায়ী অশনির গ্রোভারের জীবনীভিত্তিক সিনেমায় প্রথমবারের মতো আমির খানের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধাকে।
বায়োপিকের গল্প
অশনির গ্রোভারের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে এই বায়োপিক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির খান। তিনি ফুটিয়ে তুলবেন অশনির গ্রোভারের জীবনের উত্থান-পতন, ব্যবসায়িক লড়াই এবং রাফ অ্যান্ড টাফ ব্যক্তিত্ব। অন্যদিকে, শ্রদ্ধা কাপুর অভিনয় করবেন অশনির স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায়। ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনে স্ত্রী ছিলেন তাঁর অবিচ্ছেদ্য অংশ। এই দম্পতির শূন্য থেকে শীর্ষে পৌঁছানো এবং কঠিন সময়ে পাশে থাকার মানবিক গল্পই উঠে আসবে সিনেমায়।
বিতর্ক ও সংগ্রাম
শুধু সাফল্যের জয়গাথা নয়, বরং অশনির গ্রোভারের জীবনের বিতর্কিত অধ্যায় ও ব্যক্তিগত সংগ্রামও দেখানো হবে। সিনেমাটিতে তাঁর জীবনের সব দিক তুলে ধরার চেষ্টা করা হবে।
বয়সের ব্যবধান ও সমালোচনা
আমির খান ও শ্রদ্ধা কাপুরের বয়সের ব্যবধান ২২ বছর। তাই তাদের জুটি হওয়ার খবরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ সমালোচনা করছেন। তবে নির্মাতারা মনে করেন, বয়সের ব্যবধান থাকলেও পর্দায় দুজনকে চমৎকার মানাবে। প্রধান দুই চরিত্রের জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরতে প্রোস্থেটিক মেকআপ ও প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।
পরিচালনা ও শুটিং
বায়োপিকটি পরিচালনা করবেন শ্রদ্ধার চর্চিত প্রেমিক রাহুল মোদি। তিনি ‘সোনু কে টিটু কি সুইটি’সহ বেশ কিছু হিট সিনেমার চিত্রনাট্য লিখেছেন। প্রায় তিন বছর ধরে তিনি অশনির গ্রোভারের বায়োপিকের চিত্রনাট্য লিখছেন। শুরু থেকেই তিনি ধারণা করেছিলেন যে মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে শ্রদ্ধাই অভিনয় করবেন। সেভাবেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।



