দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ আবারও আইনি জটিলতায় পড়েছেন। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশ। এক আলোচনাসভায় ‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করায় এই বিতর্কের সূত্রপাত।
বিজেপি নেতার অভিযোগ
অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশ দাবি করেছেন, অভিনেতা প্রকাশ রাজ ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তিনি প্রকাশ রাজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, অভিনেতা ‘রামায়ণ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করে হিন্দু বিশ্বাসে আঘাত করেছেন। ভানু প্রকাশ বলেন, ‘অবিলম্বে প্রকাশ রাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। শুধু তিনি নন, যারা তাঁর মন্তব্য সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।’ তিনি আরও অভিযোগ করেন, এই মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।
কেরালা সাহিত্য উৎসবে ঘটনা
গত জানুয়ারি মাসে কেরালা সাহিত্য উৎসবে প্রকাশ রাজ ‘রামায়ণ’ নিয়ে একটি শিশুদের নাটকের কথা বলেন। সেই নাটকে দেখানো হয়, রাবণের বাগান থেকে ফল খাচ্ছিলেন রাম ও লক্ষ্মণ। এ সময় শূর্পণখা ও রাবণ আসেন। শূর্পণখা রেগে গেলে রাবণ বলেন, ‘ক্ষুধার্তকে খেতে দাও।’ পরে রাম বলেন, তারা ফল খেয়েছেন, তাই দাম দেবেন। তখন শূর্পণখা ২০০০ ডলার ও জিএসটি দাবি করেন। অত টাকা না থাকায় রাবণ শেষে রাম-লক্ষ্মণকে বীজ বপন করে গাছ রোপণ করে যেতে বলেন।
এই গল্প প্রকাশ্যে বলার পর থেকেই প্রকাশ রাজ বিতর্কের মুখে পড়েন। প্রথমে একজন আইনজীবী আপত্তি জানান, পরে বিজেপি নেতারা তোপ দাগেন। তবে এ প্রসঙ্গে নতুন করে কোনো মন্তব্য করেননি অভিনেতা।



