কারিনা কায়সারের মৃত্যুর গুজব, বাবার ক্ষোভ
কারিনা কায়সারের মৃত্যুর গুজবে বাবার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকেই ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তার নামে ভুয়া মৃত্যুসংবাদ প্রচার করা হয়। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কারিনার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

বাবার প্রতিক্রিয়া

শুক্রবার (১৫ মে) সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা যেকোনো সময় মরে যেতে পারি, দুই মিনিটের গ্যারান্টি নেই। এরপরও মৃত্যুর মতো একটা বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়। আমাদের পরিবার এমনিতেই ওর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন, এ মুহূর্তে সকলের মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।

চিকিৎসার অবস্থা

বর্তমানে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন কারিনা। পরিবার জানিয়েছে, তার ফুসফুসে সংক্রমণ কিছুটা কমেছে এবং চিকিৎসকেরা ধীরে ধীরে পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ায় এগোচ্ছেন। একই সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছে। সম্ভাব্য ডোনার হিসেবে কারিনার দুই ভাইয়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অসুস্থতার সূত্রপাত

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বর ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন কারিনা। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় লিভার ফেইলিউরের পরিস্থিতি তৈরি হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়।

ভারতে স্থানান্তর

গত সোমবার রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে চেন্নাই নেওয়া হয়। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেশাগত জীবন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও মনোযোগী ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে সুস্থতা কামনা করছেন।