ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা করিমি ১৬ বছর ভারতের কাটানোর পর দেশটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করে বলেন, ‘ভারতকে বিদায় জানাতে হবে, কোনও দিন ভাবিনি।’ তার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মানসিক চাপ, নিরাপত্তা শঙ্কা এবং নতুন ভবিষ্যতের খোঁজ।
ইরানের পরিস্থিতি ও উদ্বেগ
সম্প্রতি আমেরিকা ও ইরানের সংঘাতের মধ্যে নিজের দেশ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মান্দানা। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, ইরানে পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠেছে। রাস্তায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে।
ইরানে প্রবেশে নিষেধাজ্ঞা
সবচেয়ে বড় বিষয় হলো, মান্দানা করিমি জানিয়েছেন যে, প্রায় ১০ বছর ধরে তার উপর ইরানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তিনি চাইলে নিজের দেশেও ফিরতে পারেন না। এই অবস্থায় ভারত ছাড়ার সিদ্ধান্ত তার জীবনে অনিশ্চয়তা এনে দিয়েছে বলে মত তার। তবে ভারত ছেড়ে তিনি কোন দেশে যাচ্ছেন, তা জানাননি।
ভারতের প্রতি কৃতজ্ঞতা
ভারত তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে তিনি শুধু অভিনেত্রী নন, একজন নারী ও শিল্পী হিসেবেও নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছেন। তাই ভারতের প্রতি রয়েছে কৃতজ্ঞতা। ‘বিগ বস্ ৯’-এ যোগ দিয়ে পরিচিতি পান মান্দানা। গত কয়েক বছর ধরে বলিউড থেকে অনেকটাই দূরে ছিলেন। তবু ভারতকে তিনি সবসময় নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে রাখবেন বলে জানিয়েছেন।



