বয়স্ক বলে ট্রল, আরবাজ খানের স্ত্রীর বুদ্ধিদীপ্ত জবাব ভাইরাল
বয়স্ক বলে ট্রল, আরবাজ খানের স্ত্রীর জবাব ভাইরাল

বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ নতুন কিছু নয়। বয়সের ব্যবধানকে কেন্দ্র করে তাঁর স্ত্রী শুরা খানকেও প্রায়ই নানা মন্তব্যের মুখে পড়তে হয়। তবে এবার এক ট্রলকে জবাব দিয়ে আলোচনায় উঠে এসেছেন শুরা নিজেই।

প্রশ্নোত্তর পর্বে বুদ্ধিদীপ্ত জবাব

সম্প্রতি ইনস্টাগ্রামে অনুসারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শুরা। সেখানেই এক ব্যবহারকারী তাঁকে প্রশ্ন করেন, ‘ওই বুড়ো মানুষটার সঙ্গে কি আপনি সুখে আছেন?’ প্রশ্নের সঙ্গে ছিল হাসির ইমোজিও। তবে মন্তব্যটি উপেক্ষা না করে বেশ বুদ্ধিদীপ্ত উত্তর দেন শুরা।

শুরা লেখেন, ‘আপনি কি সত্যিই সিরিয়াস? তিনি ওল্ড ম্যান নন, তিনি তো লিমিটেড এডিশন ভিনটেজ মডেল।’ শুরার এই জবাব মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর রসবোধ ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম ডেট ও বিয়ের পরের জীবন

প্রশ্নোত্তর পর্বে আরেক ভক্ত জানতে চান, আরবাজ খানের সঙ্গে প্রথম ডেটে যেতে রাজি হওয়ার কারণ কী ছিল। মজার ছলে শুরা বলেন, ‘আমি ওর কাছে একটা বাজিতে হেরে গিয়েছিলাম। তাই ডিনারে নিয়ে যেতে হয়েছিল।’ বিয়ের পরের জীবন কেমন কাটছে—এমন প্রশ্নের জবাবে এক শব্দেই উত্তর দেন তিনি, ‘দারুণ!’

মা হওয়ার অভিজ্ঞতা ও মেয়ের নামকরণ

গত বছর মা হয়েছেন শুরা। তাঁদের কন্যাসন্তান সিপারা খানকে নিয়ে কেমন সময় কাটছে, সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা এক জাদুকরি যাত্রা। একই সঙ্গে ক্লান্তিকর, আনন্দময় আর প্রতি ১২ সেকেন্ড পরপর আমাকে ডাকা হচ্ছে।’

আরও একটি তথ্যও জানিয়েছেন শুরা। মেয়ের নাম ‘সিপারা’ রাখার কৃতিত্ব তিনি দিয়েছেন আরবাজের বাবা, বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানকে। তাঁর ভাষায়, ‘সেলিম আঙ্কেলই নামটি বেছে দিয়েছেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুরা খানের পরিচয় ও বিবাহ

শুরা খান পেশায় একজন মেকআপ আর্টিস্ট। চলচ্চিত্র ‘পাটনা শুক্লা’র শুটিংয়ের সময় তাঁর সঙ্গে আরবাজ খানের পরিচয় হয়। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।

এটি আরবাজ খানের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের একমাত্র ছেলে আরহান খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর কিছুদিন ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গেও সম্পর্কে ছিলেন আরবাজ।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে