ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ফাতিমা তাসনিম জুমা ও আব্দুল্লাহ আল জাবের
ইনকিলাব সেন্টার ছাড়লেন জুমা ও জাবের

ইনকিলাব কালচারাল সেন্টারের ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা এবং প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (৮ জুলাই) নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পৃথক পোস্টে তারা এ ঘোষণা দেন।

দায়িত্বত্যাগের কারণ

পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে নিছক বাংলাদেশপন্থি সংস্কৃতির চর্চাকে এগিয়ে নেওয়ার স্বার্থেই তিনি সংগঠনে যোগ দিয়েছিলেন।

সংগঠনের জটিলতা

জুমা জানান, সময়ের সঙ্গে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে শুরু করলে তিনি উদ্বিগ্ন হন। শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা দেখা দেয়। ট্রাস্ট গঠনের চেষ্টা করেও তা সম্পন্ন হয়নি। পরে ওয়ারিশ ইস্যুকে কেন্দ্র করে প্রকাশ্যে অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়লে তিনি তীব্র মানসিক চাপে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হস্তান্তরের সিদ্ধান্ত

পোস্টে জুমা লেখেন, 'আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদিকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আর্থিক লেনদেনের ব্যাখ্যা

জুমা আর্থিক লেনদেনের বিষয়ে জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ অবস্থায় রয়েছে। তবে তার দায়িত্বকালীন সময়ে সেন্টারের যাবতীয় আর্থিক হিসাব দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

পোস্টের শেষে জুমা উল্লেখ করেন, ইনকিলাবের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষার চেষ্টা অব্যাহত থাকবে। ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও তার আদর্শিক সংগ্রাম অন্য কোনো মাধ্যমে চলমান থাকবে।