রাজশাহীর বাগমারায় চিকিৎসার নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে মাহাবুর রহমান রাজু নামে এক ভুয়া কবিরাজকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
ঘটনার বিবরণ
ভুক্তভোগী ওই নারী (২২) সন্তান না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গত ১৮ মে বাগমারার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকায় অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্রে যান। সেখানে অভিযুক্ত কবিরাজ মাহাবুর রহমান রাজু চিকিৎসার কথা বলে ওই নারীকে তার গোপন কক্ষে ডেকে নিয়ে বোরকা খুলতে বলেন।
শ্লীলতাহানির চেষ্টা
গৃহবধূ রাজি না হওয়ায় ভণ্ড কবিরাজ তাকে জোরপূর্বক ধরে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ভুয়া কবিরাজকে গণপিটুনি দিয়ে তাহেরপুর ফাঁড়িতে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
আইনি ব্যবস্থা
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ওই নারী শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত মাহাবুর রহমান রাজুকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাহাবুর রহমান রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



