বিশ্বকাপ ফুটবলের থিম সং মনে হলেই 'ওয়াকা ওয়াকা'-র কথা সবার আগে মনে পড়ে। ল্যাটিনা পপস্টার শাকিরা এই গান দিয়ে ২০১০ বিশ্বকাপে সবার হৃদয় জয় করেছিলেন। এর আগে তাঁর অত্যন্ত জনপ্রিয় গান 'হিপস ডোন্ট লাই'-এর 'ব্যাম্বু রিমিক্স' ভার্সন ব্যবহার করা হয় ২০০৬ সালের বিশ্বকাপে। একসময় ব্যাপারটা এমন হয়ে যায় যে, ওয়ার্ল্ড কাপ সং মানেই শাকিরা। ২০১৪ সালেও এই কলম্বিয়ান গায়িকা 'লা লা লা' দিয়ে ওয়ার্ল্ড কাপ মাতান আবেদনময় সাজপোশাকে। এই বিশ্বকাপে আবার তিনি হাজির হয়েছেন তাঁর ক্যাচি ট্র্যাক 'ডাই ডাই' নিয়ে, যা ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। চলুন তবে শাকিরার চারটি বিশ্বকাপ থিম সং-এর লুক দেখে নিই ছবি ও ভিডিওতে।
২০০৬: হিপস ডোন্ট লাই
উজ্জ্বল কমলা ব্রালেট টপে ফ্রিঞ্জ বর্ডার আর সঙ্গে ম্যাচিং স্কার্টে স্ট্রাইপড বর্ডার। হিপস ডোন্ট লাই গানে এই লুকেই বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতিয়েছেন শাকিরা। খালি পায়ে নৃত্যরত শাকিরার এই লুকটি একেবারে আইকনিক হয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপ সং-এর ইতিহাসে। সঙ্গে আছেন হাইতিয়ান র্যাপার ওয়াইক্লিফ জিন।
এক ঢাল কোঁকড়া চুলে পুরো ব্লন্ডের বদলে ব্রাউন হাইলাইটস। মেকওভারের ধারেকাছেও যান নি এখানে এই ল্যাটিন বিউটি। হাতে বোহো থিমের বেশ কয়টি ব্রেসলেট পরেছেন শাকিরা।
২০১০: ওয়াকা ওয়াকা
জাঙ্গল ড্যান্সের ভঙ্গিমায় শাকিরার এই ওয়াকা ওয়াকা লুক কে ভুলতে পারে! কালো ফ্রিঞ্জড মিনিস্কার্টের সঙ্গে এখানে শাকিরা পরেছেন বার্ন্ট অরেঞ্জ নেটের ট্যাংক টপ। খোলা ব্লন্ড চুলের সঙ্গে নজর কেড়েছে বর্ণিল অ্যাক্সেসরিজ।
এই বিশ্বকাপের ক্লোজিং সেরেমোনিতে শাকিরাকে এই নিয়ন পিংক ফ্রিঞ্জ-পমপম দেওয়া অ্যাসিমেট্রিক স্কার্ট আর নজরকাড়া পিংক এমবেলিশমেন্টের নিয়ন হলুদ টপের কস্টিউমে দেখা যায়। হাতে আছে ম্যাচিং অ্যাক্সেসরিজ। এখানে চুল পুরোপুরি ব্লন্ড।
২০১৪: লা লা লা
কালো বাস্টিয়ার আর পুরো দৈর্ঘ্যের স্কার্টে এই গানের ভিডিওতে স্বভাবসুলভ ভঙ্গিমায় চার্ম ছড়াচ্ছেন শাকিরা। দেখা যাচ্ছে নেইমার জুনিয়রকেও। এরপর ক্লোজিং সেরেমোনিতে শাকিরা এই গানে পারফর্ম করেছেন লাল-মেরুন সিকুইনের এক্সট্রিম কাট আউট বডিসের ফ্রিঞ্জ ড্রেসে।
২০২৬: ডাই ডাই
ডাই ডাই গানের ভিডিওতে ব্রাজিলের ইয়েলো ক্যানারি রঙের অ্যাসিমেট্রিক টপ আর শর্ট স্কার্টের লুকে আবার মাত দিয়েছেন শাকিরা। এখানে অবশ্য একটু ন্যুড মেরুন লিপকালার আর সাটল সফট গ্ল্যাম মেকওভারের টাচ আছে ছেড়ে রাখা ব্লন্ড চুলের সঙ্গে। খালি পায়ের বদলে স্নিকার্স পরা এখানে শাকিরা। অ্যাক্সেসরিজ ছাড়াই দারুণ লাগছে তাঁকে। এখন দেখা যাক মঞ্চে কী লুকে আসেন তিনি। ছবি: ইন্সটাগ্রাম
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০১:৫৩



