আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার দাম্পত্য জীবনে আবারও ভাঙন নেমে এসেছে। জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই তাদের বৈবাহিক সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে এবং আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে বিষয়টি এতদিন গোপন ছিল। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
দ্বিতীয় বিয়ের পর চার মাসের সংসার
গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ের মাধ্যমে তারা নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টিকেছিল মাত্র চার মাস। এর আগেও পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের প্রথম দফার বিচ্ছেদ ঘটে। দ্বিতীয়বার বিয়ের পর সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা থাকলেও শেষ পর্যন্ত চাঁদরাতেই নেওয়া ওই কঠিন সিদ্ধান্তে আবারও আলাদা হয়ে গেলেন এই দম্পতি।
আবু ত্বহার পরিচিতি
আবু ত্বহা মোহাম্মদ আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তার আলোচনায় কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সমস্যা এবং মুসলিম সমাজের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত থাকে। তিনি ‘জিন নুরাইন অনলাইন মাদ্রাসা’ ও পরিচালনা করেন এবং দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করার পাশাপাশি দ্বীনি বিষয়ে স্বশিক্ষিত।
নিখোঁজের ঘটনা
২০২৩ সালের জুনে, আদনান তার তিন সঙ্গী এবং গাড়িচালকসহ ঢাকায় যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হন। আট দিন পর তিনি রংপুরে তার শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং কোনো অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না। তবে, আদনান দাবি করেছিলেন যে তাকে শেখ হাসিনার পুলিশ বাহিনী ‘গুম‘ করে আয়নাঘরে আটকে রেখেছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনা তার পরিচিতি আরও বাড়িয়ে দেয়।



