গায়িকা হিসেবে আত্মপ্রকাশ রাশি খান্নার, লুক্কে সিরিজে স্বপ্নপূরণ
গায়িকা হিসেবে আত্মপ্রকাশ রাশি খান্নার, লুক্কে সিরিজে স্বপ্নপূরণ

অভিনেত্রী রাশি খান্না সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ‘লুক্কে’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আসলে এটা আমার স্বপ্ন ছিল। যখন আমরা ছোট থাকি, মানুষ প্রায়ই জিজ্ঞেস করে, বড় হয়ে কী হতে চাই। অনেক সময় বলি, শিক্ষক হব। বেশির ভাগ মেয়েই বলে, শিক্ষক হবে। তবে আমি সব সময় বলতাম, আমি গায়িকা হতে চাই। তাই কোথাও না কোথাও আমার স্বপ্ন ছিল যে গান গাইব। কিন্তু অভিনয় আমাকে খুঁজে নিয়েছে আর আমার কাজকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু আজ এই গান গাইতে পারা যেন স্বপ্নপূরণের মতো অনুভূতি।’

গান ও অভিনয়ের মিশেলে ‘লুক্কে’

সিরিজটি গান, অ্যাকশন, মাদক ও প্রতিশোধের মিশেলে তৈরি। মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশি খান্না, র‍্যাপার কিং, পলক তিওয়ারি, লক্ষভির সিং সারান ও শিভাঙ্কিত পরিহার। চণ্ডীগড়ের র‍্যাপ দুনিয়াকে কেন্দ্র করে তৈরি সিরিজটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল প্রাণবন্ত।

গানের পরিবেশনা

অনুষ্ঠানে ‘সাভেরে’, ‘জি লেঙ্গে’, ‘বুলেটপ্রুফ’-এর মতো গান পরিবেশন করেন কিং, আমিরা গিল, অক্ষত ও রুয়া কেয়ের মতো শিল্পীরা। রাশি খান্না ‘লুক্কে’-এর মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন, অন্যদিকে জনপ্রিয় গায়ক কিং-এর এই সিরিজের মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে। তবে সন্ধ্যার সবচেয়ে বড় চমক ছিলেন রাশি খান্না, যিনি অক্ষতের সঙ্গে ‘রুবারু’ গানটি পরিবেশন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরবাণী চরিত্রে রাশি

সিরিজে রাশি খান্না এক দৃঢ়চেতা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, যার নাম গুরবাণী। তিনি বলেন, ‘গুরবাণী চরিত্রটি আমার কাছে খুবই বিশেষ। এটা আমার জন্য একধরনের “ঘরে ফেরা”। আমি অনেক ভাষায় কাজ করেছি, কিন্তু পাঞ্জাবি আমার পরিচয় আর আমি পাঞ্জাবি চরিত্রে অভিনয় করছি। তাই এটা আমার জন্য খুবই বিশেষ একটা বিষয়। আপনারা এটাও দেখবেন—একজন পাঞ্জাবি নারীর সব শক্তি আর তাঁর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। সে জাট্টি (পাঞ্জাবি মেয়ে)—তার মধ্যে অনেক শক্তি আছে। সে চিৎকার করে না, কিন্তু তার উপস্থিতি আলোড়ন তোলে। তাই এই চরিত্রে অভিনয় করতে আমার দারুণ লেগেছে। এক কোমল মেয়ে, যে শোতে গিয়ে খুবই আগ্রাসী হয়ে ওঠে।’

শোক ও ভালোবাসার প্রকাশ

কথা প্রসঙ্গে তিনি আরও জানান, সিরিজটি তাঁর জন্য অত্যন্ত বিশেষ। তাঁর ভাষ্যে, ‘এখানে অনেকগুলো স্তর আছে, যেগুলো আপনারা প্রতিটি চরিত্রে দেখতে পাবেন। আর বিশেষ করে আমার চরিত্রের মাধ্যমে বুঝতে পারবেন—দুঃখ বা শোক যখন ঠিকভাবে সামলানো যায় না, তখন সেটা মানুষের ওপর কী প্রভাব ফেলে। সেটা শরীরী ভাষায় বা কথার রুক্ষতায় বেরিয়ে আসে। কিন্তু আমার মনে হয়, সেই সব শোক আসলে অপ্রকাশিত ভালোবাসা। আমরা সবাই এর মধ্য দিয়ে যাই আর এটা আমাদের বদলে দেয়। আর এটাই আমার চরিত্রটাকে যথার্থ করে তোলে।’

হিমাঙ্ক গউর পরিচালিত ‘লুক্কে’ সিরিজটি ৮ মে মুক্তি পেয়েছে।