বাবার পথে বাপ্পারাজ, শিল্পী সমিতির সভাপতি পদে প্রার্থী
বাবার পথে বাপ্পারাজ, সভাপতি পদে প্রার্থী

চিত্রনায়ক বাপ্পারাজ তার বাবার পদাঙ্ক অনুসরণ করে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বাবা কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি। এখন সেই ঐতিহ্য বহন করতে প্রস্তুত বাপ্পারাজ।

একই প্যানেলে সাধারণ সম্পাদক পদে মুক্তি

জানা গেছে, বাপ্পারাজের প্যানেল থেকেই সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তার মা জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা বেগমও বিগত সময়ে সমিতির কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

বাপ্পারাজের প্রতিক্রিয়া

বিষয়টি নিশ্চিত করে বাপ্পারাজ বলেন, ‘আমি চেয়েছিলাম বাবার কবর জিয়ারত করে সুখবরটি প্রকাশ্যে আনব। তার আগেই গণমাধ্যমে চলে এসেছে। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। কারণ সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। খবরটি জেনে তারা ভীষণ খুশি বলে জানান।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এই অভিনেতা। তিনি বলেন, ‘শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পরিকল্পনা ও লক্ষ্য

একসময়ের জনপ্রিয় এই অভিনেতা আরও বলেন, ‘আমার বাবা শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বিগত সময় আমিও কমিটিতে ছিলাম। আনুদিও (আনোয়ারা বেগম) বিগত সময় কমিটিতে ছিলেন। এরই মধ্যে মুক্তিও দায়িত্ব পালন করেছেন। আমরা পরবর্তী প্রজন্ম নতুন মেয়াদের নেতৃত্বে শিল্পীদের জন্য কাজ করতে চাই।’

ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। ‘শিল্পীরা সুযোগ দিলে তাদের কল্যাণে তা বাস্তবায়ন করব। আশা করছি, সম্মানিত শিল্পীরা আমাদের তাদের ভালোবাসায় রাখবেন এবং কাজের সুযোগ করে দেবেন। সেই সঙ্গে আমার ভক্ত এবং দেশবাসীর দোয়া ও ভালোবাসা চাই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচনের সময়সূচি

উল্লেখ্য, সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে ছিলেন মিশা সওদাগর ও ডিপজল। এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণা হবে বলে জানা গেছে।

অন্য প্যানেলের সম্ভাবনা

এদিকে বাপ্পা ও মুক্তি ছাড়াও আরেকটি প্যানেল নির্বাচনে অংশ নিতে পারে বলে শোনা যাচ্ছে।